হারটা নিশ্চিতই ছিল। তৃতীয় দিন শেষেই ঠিক হয়ে গিয়েছিল বাংলাদেশের ভাগ্য। এমনকি ইনিংস পরাজয়ের শঙ্কাও ছিল। স্বস্তি একটাই, সেই লজ্জায় পড়তে হয়নি টাইগারদের।
নুরুল হাসান সোহানের সাহসী ব্যাটিংয়ে ইনিংস হার এড়িয়ে ১২ রানের লিড পায় বাংলাদেশ।
ফলে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩ রানের।
এই লক্ষ্য পেরোতে মাত্র ১৭ বল লেগেছে ক্যারিবীয়দের। ক্রেইগ ব্রেথওয়েট ৪ আর জন ক্যাম্পবেল ৯ রানে অপরাজিত থাকেন।
সেন্ট লুসিয়া টেস্টে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০ উইকেটের বড় ব্যবধানে। অ্যান্টিগায় প্রথম টেস্টে স্বাগতিকরা জিতেছিল ৭ উইকেটে। ফলে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।
ভেজা মাঠ অনেকটা সময় বাঁচিয়ে রেখেছিল বাংলাদেশের হার। চতুর্থ দিনের প্রথম দুই সেশনে আউটফিল্ড প্রস্তুতই করতে পারেননি মাঠকর্মীরা। অবশেষে চা-বিরতির পর খেলা শুরু হয়।