মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল- বাংলাদেশ দলের এ পাঁচ ক্রিকেটারকে একসঙ্গে ডাকা হতো ‘পঞ্চপান্ডব’ নামে। সময়ের পালাবদলে সেই পঞ্চপান্ডব এখন আর নেই। জাতীয় দল থেকে বহু দূরে রয়েছেন মাশরাফি।
দেশের সফলতম অধিনায়ক এখন আর না থাকলেও, বাকি চারজন খেলে যাচ্ছেন জাতীয় দল। এর মধ্যে টেস্ট থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ, টি-টোয়েন্টি থেকে বিশ্রামে তামিম। ফলে এ চারজনকে একসঙ্গে পাওয়া যায় শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটের সিরিজে।
চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজে অবশ্য চারজন একত্রে নেই। হজ পালনের জন্য ছুটি নিয়েছেন মুশফিক, বিশ্রাম চেয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে গেছেন সাকিব। তবে সামনের দিনগুলোতে দলের অন্যতম চালিকাশক্তি হিসেবেই থাকবেন এ চারজন।
যা আরও একবার মনে করিয়ে দিলেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম। বুধবার ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে সিরিজ নিশ্চিতের পর তামিম জানিয়ে দিলেন, ২০২৩ বিশ্বকাপে সম্ভাব্য সেরা দল সাজানোর প্রক্রিয়ায় রয়েছেন তারা। কেননা সেটিই হবে চারজনের শেষ বিশ্বকাপ।