বিদেশী পর্যটকদের ভিসায় করোনা বিধিনিষেধ প্রত্যাহার

বিদেশী পর্যটকদের ভিসায় করোনা বিধিনিষেধ প্রত্যাহার করেছে সরকার। করোনা মহামারীর কারণে বাংলাদেশে বিদেশী পর্যটক আগমনের ওপর বিধিনিষেধ আরোপিত ছিল দীর্ঘদিন ধরে। এ বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সর্বশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগারগাঁওয়ে সোমবার পর্যটন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে মো. মাহবুব আলী বলেন, করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ধরেই বাংলাদেশে আসতে ইচ্ছুক বিদেশীদের ভিসা দেয়া বন্ধ ছিল। তবে আজ  থেকে বিদেশী পর্যটক আসায় আরোপিত বিধিনিষেধ তুলে নেয়া হলো।

লিখিত বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, করোনার প্রভাবে দেশের পর্যটন শিল্পের চ্যালেঞ্জ মোকাবেলা, সংকট থেকে উত্তরণের উপায় ও ভবিষ্যতে প্রতিযোগিতামূলক পর্যটন বাজারে সুবিধা অর্জনের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এরই মধ্যে একটি ‘ট্যুরিজম রিকভারি প্ল্যান’ নিয়েছে। এ পরিকল্পনায় উল্লিখিত কার্যক্রম বাস্তবায়নের জন্য ২০টি গাইডলাইন প্রস্তুত করা হয়েছে। সেই অনুযায়ী কাজও চলছে। এরই মধ্যে পর্যটন শিল্পের সঙ্গে সম্পৃক্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়াচ্ছে। গতি ফিরছে দেশের অভ্যন্তরীণ পর্যটন শিল্পে।

তিনি বলেন, বিদেশী পর্যটকদের অনেক ধরনের চাহিদা আমরা মেটাতে পারছি না। তবে বিদেশী পর্যটকদের আকর্ষণে আমরা কাজ করে যাচ্ছি। এজন্য নানা ধরনের পরিকল্পনা নেয়া হয়েছে। সেগুলো বাস্তবায়নে কাজ শুরু হবে। সাইবেরিয়া থেকে পাখি আমাদের দেশে আসছে। পাখিগুলোকে তো দাওয়াত দেয়া লাগে না।

Comments (0)
Add Comment