পাসপোর্ট-লাগেজ হাতে ছদ্মবেশে থাকতো অজ্ঞানপার্টি

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উল্টো দিকে একটি ফাস্টফুডের দোকানে ১৫ বছর ধরে কাজ করে আসছেন আমির হোসেন। র‌্যাব বলছে, তিনি আসলে বিমানবন্দর এলাকাকেন্দ্রিক প্রতারক চক্রের নেতৃত্ব দিয়ে আসছেন।

‘অজ্ঞান পার্টির’ খপ্পরে পড়ে এক প্রবাসীর সর্বস্ব হারানোর ঘটনা তদন্ত করতে গিয়ে আমিরসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

এ বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আর মঈন বলছেন, ৫১ বছর বয়সী আমিরের বাড়ি বরিশালে। গত ১৫ বছরে তিন শতাধিক প্রবাসীকে অজ্ঞান করে মালামাল লুটে নিয়েছেন। ১৫টির বেশি মামলাও রয়েছে তার বিরুদ্ধে।

আমিরের সঙ্গে গ্রেপ্তার লিটন মিয়া ওরফে মিল্টন (৪৮) একজন মাইক্রোবাস চালক। আবু বক্কর সিদ্দিক ওরফে পারভেজ (৩৫) গয়নার ব্যবসায় জড়িত। আর জাকির হোসেন (৪০) পেশায় ছাপাখানার কর্মী।

র‌্যাব কর্মকর্তা মঈন রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, আমির হোসেনের নেতৃত্বে ওই চক্রটি বিমানবন্দর এলাকায় বিভিন্ন পেশার আড়ালে প্রতারণা করে আসছে গত ১৫ বছর ধরে।

“চক্রের সদস্য সংখ্যা আট থেকে ১০ জনের মত। তাদের অনেকেই এখন কারাগারে। জেল থেকে বের হয়ে তারা আবার একই পেশায় নামেন। তারা মূলত বিদেশ থেকে আসা সেইসব প্রবাসীদের টার্গেট করতেন, যাদের নেওয়ার জন্য কোনো আত্মীয়-স্বজন বিমানবন্দরে আসেননি।”

Comments (0)
Add Comment