যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানের ভেতর জীবন্ত সাপ পাওয়া গেছে। বিমানটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে নিউজার্সি অঙ্গরাজ্যের দিকে যাচ্ছিল। বিমান বন্দরের কাছে পৌঁছানোর পর যখন সেটি নামার প্রস্তুতি নিচ্ছে, সেসময়ই উড়োজাহাজের বিজনেস ক্লাসের কয়েকজন যাত্রী সেই উড়োজাহাজের মেঝেতে সাপটিকে দেখতে পান।
সাপটিকে বিমানের মেঝেতে দেখে স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা সিটের ওপর পা উঠিয়ে বসেন ও কেবিন ক্রুদের বার বার অনুরোধের পর শান্ত হন।
এরই মাঝে বিমানটি নিউ জার্সির বিমানবন্দরে অবতরণ করে ফেলে। বিমানবন্দরের পুলিশ ও নিউজার্সি অঙ্গরাজ্যের বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের কর্মীদের সহায়তায় সাপটিকে বন্দি করে জঙ্গলে ছেড়েও দেয়া হয়। জানা যায়, সাপটি গাটার স্নেক প্রজাতির। ফ্লোরিডায় এই সাপটি বেশ ভালো পরিমাণেই রয়েছে। এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।