বিমানের মাঝের আসনে যাত্রী টানতে, ভার্জিন অস্ট্রেলিয়ারের নতুন পরিকল্পনা

যাত্রীবাহী বিমানগুলোর ইকোনমি ক্লাসে সাধারণত এক সারিতে তিন সিট থাকে। কারো আসন জানালার পাশে হলে বাইরের দৃশ্য উপভোগের সুযোগ থাকে। সে আসন নিয়েই যাত্রীদের আগ্রহ বেশি। আর হাঁটাচলার রাস্তার পাশে অর্থাৎ কিনা ‘আইল সিট’ হলে সহজে শৌচাগারে যাওয়াসহ নানা সুবিধা মেলে। মাঝের সিটে গাদাগাদি করে কেউ বসতে আগ্রহী হয় না।

এক জরিপ অনুযায়ী, মাত্র ০.৬ শতাংশ বিমানযাত্রী মাঝের আসনে বসতে পছন্দ করে। তবে মনে করা হচ্ছে, উত্তরদাতারা ‘ভুলবশত’ এর পক্ষে ভোট দিয়েছে!

তবে ভুলবশত বা ইচ্ছাকৃত যেভাবেই হোক, ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইনসের নতুন পরিকল্পনা সফল হলে মাঝের আসনে বসতে পছন্দ করা যাত্রীর সংখ্যা এবার বাড়বে। বিমান পরিবহন সংস্থাটি মাঝের আসনে যাত্রী বাড়াতে প্রায় দেড় লাখ মার্কিন ডলার সমমূল্যের র‌্যাফল ড্রয়ের পরিকল্পনা করেছে। ছয় মাসজুড়ে প্রতি সপ্তাহে এ ড্র হবে। মাঝের আসনে বসা যাত্রীরাই শুধু এই লটারির টিকিট পাবেন।

এখন থেকে আগামী বছরের ২৩ এপ্রিল পর্যন্ত ১৮ বছরের বেশি বয়সের যাত্রীরা মাঝের আসনে বসলে লটারির টিকিট পাবে। প্রতি সপ্তাহে লটারি জেতা যাত্রীকে ভিন্ন ভিন্ন পুরস্কার দেওয়া হবে। সারা দিনে হেলিকপ্টার ভ্রমণ, পাঁচতারা হোটেলে দুই দিনের অবকাশযাপন ও অস্ট্রেলিয়ার জাতীয় লিগের ফুটবল ম্যাচের টিকিটও আছে পুরস্কারের তালিকায়।

Comments (0)
Add Comment