চট্টগ্রামে ২২ বছর আগের পুরোনো ঋণখেলাপি মামলায় বিবাদীর বিরুদ্ধে ওয়ারেন্টসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা আদেশের পরিপ্রেক্ষিতে ৪০ কোটি টাকা আদায় করল আইএফআইসি ব্যাংক। মেসার্স মোনাভী টেক্সটাইল কমপ্লেক্স লিমিটেডের কাছে ২১৯ কোটি টাকা অনাদায়ী ছিল। চট্টগ্রামের অর্থঋণ আদালত সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
জানা গিয়েছে, আইএফআইসি ব্যাংকের আগ্রাবাদ করপোরেট শাখার বকেয়া ছিল ৬২ কোটি ৭১ লাখ ৮২ হাজার ২৪৯ দশমিক শূন্য ৯ টাকা। এর বিপরীতে সুদ ও বিভিন্ন চার্জের পরিমাণ ১৫৫ কোটি ৫৪ লাখ ৮৪ হাজার ৩১ দশমিক ৮১ টাকা। অন্যদিকে লিগ্যাল খরচ ৩১ হাজার ৮৭০ টাকা ছাড়াও রি-পেমেন্ট ১ কোটি টাকা। মোট ২১৭ কোটি ২৬ লাখ ৯৮ হাজার ১৫০ দশমিক ৯০ টাকা পাওনা মোনাভী টেক্সটাইল কমপ্লেক্স লিমিটেডের কর্ণধারদের কাছে।
রোববার বিবাদীরা অর্থঋণ আদালতের মাধ্যমে ডিক্রিদার আইএফআইসি ব্যাংকের পাওনার মধ্যে আপাতত ৪০ কোটি টাকা দেয়ার আপসনামা দাখিল করেছেন।
এর আগে মোনাভী টেক্সটাইল কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ মুরাদ, পরিচালক মো. ইদ্রিস মিনহাজ, মো. ইলিয়াস মুরাদ, মো. সামসুদ্দিন রিয়াদ, মো. শামসুল আলম ফয়সাল ও ফারজানা মুরাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়। পাশাপাশি ডিক্রিদার ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে গেল ১৬ জুন তফশিল সম্পত্তিতে অন্তর্বর্তীকালীন ক্রোকাদেশ দিয়েছিলেন অর্থঋণ আদালত।