বিমানবন্দর সড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ট্রাকের ধাক্কায় তানভীর সাজ্জাদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সাজ্জাদের ভাই ইলিয়াস বলেন, ‘আমার ভাই গতকাল রাতে মোটরসাইকেল নিয়ে মিরপুর ১০ নাম্বার থেকে বিমানবন্দরের দিকে যাচ্ছিল। পথে বিমানবন্দরের বলাকা ভবনের সামনের সড়কে ট্রাকের ধাক্কায় সে আহত হয়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাস াপাতালে নিই। সেখানে রাত আড়াইটার দিকে তাকে মৃত বলে জানান ডাক্তার।’

ইলিয়াস জানান, ৩২ বছর বয়সী সাজ্জাদ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ছিলেন। আমাদের গ্রামের বাড়ি মেহেরপুরের গাংনীর ছাতিয়ান গ্রামে।

ঢাকা মেডিক্যাল কলেজের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Comments (0)
Add Comment