আজারবাইজানের রাজধানী বাকুর এয়ারপোর্ট থেকে পাসপোর্ট জালিয়াত সন্দেহে আটক করা হয়েছে এক বাংলাদেশিকে। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১:০৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
ট্রেন্ড নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, আটককৃত ব্যক্তির নাম শহিদুল ইসলাম। তিনি একজন বাংলাদেশি নাগরিক। বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ পরিদর্শনের সময় আজারবাইজান এয়ারলাইন্সের নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে।
প্রতিবেদনে আরও বলা হয়, আটকের পর তল্লাশি করে তার কাছ থেকে ২০টি বাংলাদেশি পাসপোর্ট ও দুটি সিল পাওয়া গেছে।
তদন্তে জানা গেছে, শহিদুল মূলত বাংলাদেশিদের সাথেই প্রতারণা করেছে। একটি নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে ইউরোপের একটি দেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে সে এসব লোকেদের আজারবাইজানে নিয়ে এসেছে।
এছাড়াও পাসপোর্ট চেক করতে গিয়ে তার সঙ্গে ভুয়া সার্বিয়ান ভিসাও পাওয়া গেছে।