পাশে থাকার অঙ্গীকার জানাতে ব্রিটিশ প্রতিমন্ত্রী ঢাকায়

দু’দিনের সফরে ঢাকা পৌঁছেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ররি স্টুয়ার্ট।

শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বেক্সিটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের পর প্রধানমন্ত্রী থেরেসা মে’র সরকার যুক্তরাজ্যের দায়িত্ব গ্রহণ করেন। এরপর এটাই প্রথম কোনো ব্রিটিশ মন্ত্রীর বাংলাদেশ সফর।

পাশাপাশি গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার পর থেকে ঢাকা সফরে সতর্কতা জারি করা দেশগুলোর অন্যতম যুক্তরাজ্যের কোনো মন্ত্রী বাংলাদেশ সফর করছেন।

অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও উন্নত জাতি গঠনে বাংলাদেশের পাশে থাকতে যুক্তরাজ্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত করাই তার এ সফরের উদ্দেশ্য বলে জানিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন।

হাইকমিশন সূত্র জানায়, সফরকালে আগামী দশকের মধ্যে মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জনে বাংলাদেশের লক্ষ্যে যুক্তরাজ্য সরকারের সহযোগিতার সবশেষ অগ্রগতি মূল্যায়ন করবেন ব্রিটিশ উপমন্ত্রী।

একটি নিরাপদ, স্বাস্থ্যসম্মত এবং আরও সমৃদ্ধ বিশ্ব গড়তে যুক্তরাজ্য সাহায্য করে, যা দু’দেশের স্বার্থে কাজ দৃঢ়ভাবে করে।
কূটনৈতিক সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে ব্রিটিশ প্রতিমন্ত্রীর সাক্ষাতের কথা রয়েছে। উন্নয়ন অংশীদার, সুশীল সমাজ, ব্যবসায়ীদের সঙ্গেও তার সাক্ষাৎ করবেন তিনি। এছাড়া সফরকালে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) অর্থায়নে পরিচালিত কয়েকটি প্রকল্প ঘুরে দেখবেন প্রতিমন্ত্রী।
ঢাকায় পৌঁছে ররি স্টুয়ার্ট বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী ও ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে। উন্নয়ন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে দু’দেশের অভিন্ন ইতিহাস রয়েছে।

সফরকালে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, বাংলাদেশিদের আরও শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য।

Comments (0)
Add Comment