সপ্তাহখানেক আগেই মাঝ আকাশে বিমানের ওয়াশরুমে ধূমপান করার জন্য গ্রেফতার করা হয়েছিল এক বাঙালি মহিলা যাত্রীকে। সেই ঘটনার এক সপ্তাহ কাটতে না কাটতেই একই কারণে ভারতীয় বংশোদ্ভূত এক মার্কিন নাগরিককে গ্রেফতার করল মুম্বইয়ের শহর পুলিশ।
অভিযুক্তের নাম রামাকান্ত। ৩৭ বছর বয়সি ওই ব্যক্তি গত ১১ মার্চ একটি এয়ার ইন্ডিয়ার বিমানে লন্ডন থেকে মুম্বইতে আসছিলেন । বিমান মাঝ আকাশে থাকাকালীন ওই যাত্রী ওয়াশরুমে গিয়ে ধূমপান করতে শুরু করেন। ধোঁয়ার কারণে সঙ্গে সঙ্গে অ্যালার্ম বেজে ওঠে। এরপরেই ওই ব্যক্তিকে ধূমপানরত অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন বিমানকর্মীরা। তাঁর হাত থেকে সিগারেটটি নিয়ে ছুড়ে ফেলে দেওয়া হয়। এতে উল্টে বিমানকর্মীদের সঙ্গেই অভব্য আচরণ করতে শুরু করেন ওই যাত্রী। কারও কোনও কথা না শুনে চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন তিনি। কোনও মতে তাঁকে এনে আসনে বসানো হয়।
বিমানকর্মীদের অভিযোগ, এরপর তিনি ফের চিৎকার করে হাত পা ছুড়তে এবং মাথা ঝাঁকাতে শুরু করেন। তাঁর আচরণে অন্যান্য যাত্রীরা ভয় পেয়ে যান। বাধ্য হয়ে ওই যাত্রীকে তাঁর আসনের সঙ্গে হাত-পা বেঁধে বসিয়ে রাখা হয়। যাত্রীদের মধ্যেই একজন চিকিৎসক ছিলেন। তিনি রামাকান্তকে পরীক্ষা করে দেখেন। রামাকান্তের দাবি, তাঁর ব্যাগে কিছু ওষুধ ছিল। যদিও বিমানকর্মীরা জানিয়েছেন, ওই যাত্রীর ব্যাগ থেকে শুধুমাত্র একটি ই-সিগারেট ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।
বিমান মুম্বইতে অবতরণ করা মাত্রই খবর দেওয়া হয় পুলিশকে। বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই শহর পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত যাত্রীকে। তাঁকে হেফাজতে নিয়েছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির কোনও মানসিক সমস্যা আছে কিনা, কিংবা তিনি নেশাগ্রস্থ অবস্থায় ছিলেন কিনা তা বোঝার জন্য অভিযুক্তের শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।