বিমান বাহিনীর ১২২তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

বাংলাদেশ বিমান বাহিনীর ১২২তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের (জেসিএসসি) সনদপত্র বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিমান বাহিনী ঘাঁটি বাশার-এ সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের সনদপত্র ও ট্রফি প্রদান করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান অনুষ্ঠানস্থলে গেলে বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. শরীফ উদ্দীন সরকার এবং কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের (সিএসটিআই) অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক তাকে স্বাগত জানান।

১৪ সপ্তাহের এই কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১৯ এবং নাইজেরিয়ান বিমান বাহিনীর ২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের সার্ভিস, ইন্টার সার্ভিস এবং জয়েন্ট সার্ভিস পরিমণ্ডলে কমান্ড ও স্টাফ দায়িত্ব পালনে পারদর্শী করে তুলতে এই কোর্সটি বিশেষভাবে সজ্জিত করা হয়েছে। শুরু থেকেই জেসিএসসি উত্তীর্ণ কর্মকর্তারা তাদের অর্জিত কর্মলব্ধ জ্ঞান সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ এবং নির্দেশমূলক দায়িত্ব পালনে সহায়তা করে আসছে।

প্রধান অতিথি প্রশিক্ষণ সমাপ্তকারী সকল কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও কোর্সে সেরা নৈপূণ্যের জন্য বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার সাব্বির হাসান রেহানকে ‘বিমান বাহিনী প্রধানের সার্টিফিকেট এবং ট্রফি’ প্রদান করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে সকল কর্মকর্তাকে দিকনির্দেশনা দেন এবং এই কোর্সে অফিসার পাঠানোর জন্য নাইজেরিয়া সরকারকে ধন্যবাদ জানান।

Comments (0)
Add Comment