হজ ব্যবস্থাপনা নিয়ে ইরানের সমালোচনা ভিত্তিহীন : সৌদি আরব

‘হজ ব্যবস্থাপনা’ নিয়ে ইরানের সমালোচনা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ। মঙ্গলবার মিনায় হজ নিরাপত্তা বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে ইরানের সমালোচনার জবাব দিয়েছেন যুবরাজ।

মোহাম্মদ বিন নায়েফ বলেন, ইরানের দাবির বিষয়ে কোনো বিশ্বাসযোগ্যতা নেই এবং তারা (ইরান) ভালো করে জানেন যে, ইরানসহ অন্যান্য দেশের হজযাত্রীদের জন্য সর্বোচ্চ সেবা দিয়ে আসছে সৌদি আরব।

তিনি বলেন, পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমানের প্রচেষ্টায় হজযাত্রীদের জন্য নিরাপত্তায় কোনো ঘাটতি রাখা হয়নি।

সৌদি যুবরাজ আরো বলেন, তীর্থযাত্রা অস্থিতিশীল করতে যে কোনো ধরনের হুমকি মোকাবিলা করতে সৌদি আরব দৃঢ় ও অটল থাকবে।

‘ইরানের হজ মিশন বেশ কিছু অনুরোধ করেছে; যা হজের নিয়ম নীতি বহির্ভূত। তারা এমন কিছু বিষয়ের দাবি জানিয়েছেন; যা অন্যান্য তীর্থযাত্রীদের নিরাপত্তাকে বিপদগ্রস্ত করবে’। হজ নিয়ে রাজনীতি শুরু করায় এ বছর ইরানের হজযাত্রীদেরকে সৌদি আরবে তেহরান সরকার আসতে দেয়নি বলেও মন্তব্য করেন নায়েফ।

Comments (0)
Add Comment