দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের এবারের আসর শেষ হয়েছে গতকাল রবিবার। রাষ্ট্রপ্রধানরাও যার যার গন্তব্যের উদ্দেশে ভারত ছেড়েছেন। কিন্তু দেশে ফিরতে পারেননি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সঙ্গে আসা প্রতিনিধিরা। তার বিমানে গুরুতর যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় আরও একদিন দিল্লিতে থাকতে হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে কানাডীয় কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পর কানাডার সশস্ত্র বাহিনী আমাদের জানিয়েছে যে, প্রধানমন্ত্রীকে বহনকারী সিএফসি-০০১ বিমানে যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়েছে। আর এই সমস্যা রাতারাতি সমাধান করা যায় না। যে কারণে বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমাদের প্রতিনিধি দল ভারতে অবস্থান করবে।
সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বহনকারী বিমানের রোববার ভারতের স্থানীয় সময় রাত ৮টায় উড্ডয়ন করার কথা ছিল। এর আগে জি-২০ সম্মেলনে যোগ দিতে শুক্রবার রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান জাস্টিন ট্রুডো।
ট্রুডো এবং তার প্রতিনিধি দলকে বহনকারী এয়ারবাসে এবারই প্রথম যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে বিষয়টি সেরকম নয়। কানাডার সংবাদমাধ্যম সিটিভি নিউজের মতে, ২০১৬ সালের অক্টোবরে কানাডার প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান উড্ডয়নের ৩০ মিনিট পর অটোয়ায় ফিরে যেতে বাধ্য হয়। ওই সময় ট্রুডোকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।
২০১৯ সালের অক্টোবরেও অন্টারিওর বিমানবন্দরের দেয়ালে ট্রুডোর ভিআইপি বিমান আঘাত করে।