ঈদুল ফিতরের মতো এই ঈদেও তিনি আলোচনায়, ভালো লাগায় ও দর্শকপ্রিয়তায় এগিয়ে। মুঠোফোনে জানালেন নতুন ছবি, নতুন নায়িকাকে নিয়ে পাওয়া প্রতিক্রিয়ার কথা
নতুন ছবি দুটো মুক্তির সময় ছিলেন অস্ট্রেলিয়ায়। উত্তাপটা টের পেয়েছেন?
মুক্তির আগেই ইউটিউবে প্রকাশিত বসগিরির গানগুলোর প্রতিক্রিয়া পেয়েছি। বিশেষ করে ‘দিল দিল’ ও ‘বুবলী বুবলী’ গান দুটির জন্য অস্ট্রেলিয়ার বাঙালিরা আমাকে পাগল করে তুলেছিলেন। পরিচিত-অপরিচিত অনেকেই শুটিং লোকেশনে এসেছেন, অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গা থেকে ফোনে গানগুলোর প্রশংসা করেছেন। ছবি দেখে ঢাকা থেকেও অনেকে ফোন করেছেন।
দেশে এসে কী বুঝলেন?
যে হলগুলোতে ছবি চলছে, দেশে ফিরে সেসব হলে খোঁজখবর নিচ্ছি।
আপনার দুই ছবির নায়িকা বুবলীকে নিয়ে দর্শক প্রতিক্রিয়া কেমন?
সবাই তো তার প্রশংসা করছে। অবিশ্বাস্য হলেও সত্য, ছবি দুটি মুক্তির পর দেশ-বিদেশের নতুন ও পুরোনো প্রায় ২০ জন প্রযোজক আমাকে ও বুবলীকে নিয়ে ছবি বানানোর প্রস্তাব দিয়েছেন। শুনে আমি তো অবাক! একটি মেয়ে চলচ্চিত্রে পা রাখতে না রাখতেই তারকা হয়ে গেল!
আপনার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের নতুন ছবি পিয়া রেতেও নাকি বুবলী অভিনয় করছেন?
শুধু একটা নয়, অল্প দিনের মধ্যেই একসঙ্গে পাঁচটি ছবি সাইন করব। সব ছবিই আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তৈরি হবে। প্রতিষ্ঠানটির জন্য অফিস খোঁজাখুঁজি চলছে। অফিস পেলেই কাজ শুরু হয়ে যাবে।
ওই পাঁচ ছবির নায়িকা কারা?
বুবলী যেহেতু আলোচনায় এসেছে, তাকে ঘিরে দর্শকের সাড়াও ভালো। পাঁচটির বেশ কয়েকটি ছবিতে বুবলীকে নেওয়া হবে। বাকিগুলোর নায়িকা এখনো ঠিক হয়নি।
নিজের ছবি দেখতে গিয়েছিলেন?
এখনো যাইনি, যাব। মঙ্গলবার বুবলী ও বসগিরির টিম নিয়ে বেশ কয়েকটি হলে যাব।