শাহজালালে দেড়শ’ কার্টন ফেব্রিক্স পণ্য চুরির চেষ্টা

হযরত শাহজালাল বিমানবন্দরের কুরিয়ার ইউনিটে মালামাল চুরির সময় দেড়শ’ কার্টন ফেব্রিক্স পণ্য জব্দ করেছেন কাস্টম কর্মকর্তারা। একটি প্রতিষ্ঠানের ওই পণ্য ফকরুল ইসলাম প্রিন্স নামের এক সিঅ্যান্ডএফ এজেন্ট বিমানবন্দর থেকে বাইরে নেয়ার চেষ্টা করছিলেন। প্রিন্স কুরিয়ার ইউনিটে চোরাচালান ও প্রতারণা মামলার এজহারভুক্ত আসামি ও যুবলীগ নেতা শ্যামলের ভাই। কাস্টম কর্মকর্তারা আমদানির বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। কাগজপত্র আনার নাম করে পালিয়ে গেছেন ওই সিঅ্যান্ডএফ এজেন্ট। শাহজালালে চোরকারবারি ও প্রতারণার অভিযোগে কাস্টম কর্মকর্তাদের করা মামলার এজহারভুক্ত আসামি এই ফকরুল ইসলাম প্রিন্স।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার শহিদুজ্জামান সরকার জানান, মঙ্গলবার বিকালে দেড়শ’ কার্টন ফেক্সিক্স পণ্য চুরি করে কুরিয়ার গেট দিয়ে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন প্রিন্স। মালামালের আমদানির বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি। কাস্টম কর্মকর্তারা ওই কার্টনগুলো চেক করার সময় কাগজপত্র আনার কথা বলে পালিয়ে যান প্রিন্স। মালামালগুলো পরীক্ষা করে জানা গেছে হপ ইয়াক বাংলাদেশ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান এই ফেব্রিক্স আমদানি করেছে।

Comments (0)
Add Comment