মিস আমেরিকা হলেন বিমান বাহিনীর কর্মকর্তা

‘মিস আমেরিকা ২০২৪’ মুকুট জিতেছেন মার্কিন বিমান বাহিনীর এক কর্মকর্তা। তার নাম ম্যাডিসন মার্শ। স্থানীয় সময় গত রবিবার রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হয় সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। আর সেখানেই সেরা সুন্দরীর মুকুট ছিনিয়ে নেন মার্কিন বিমান বাহিনীর ২২ বছর বয়সী এই সেকেন্ড লেফটেন্যান্ট।

গত সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। ম্যাডিসন মার্শ পেশায় মার্কিন বিমান বাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট। একইসঙ্গে হার্ভার্ড কেনেডি স্কুলের পাবলিক পলিসি প্রোগ্রামের মাস্টার্সের শিক্ষার্থীও তিনি। এর আগে মিস কলোরাডো ২০২৩-এর বিজয়ী প্রথম সক্রিয়-কর্তব্যরত বিমান বাহিনীর কর্মকর্তা হয়ে এই খেতাব পেয়েছিলেন মার্শ।

এদিকে রবিবারের এই সৌন্দর্য প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন টেক্সাসের এলি ব্রেউক্স। ম্যাডিসন মার্শ ডিস্ট্রিক্ট অব কলম্বিয়াসহ যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের প্রতিনিধিত্বকারী ৫১ জন প্রতিযোগীকে পরাজিত করে মিস আমেরিকা ২০২৪ প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করেন।

এই প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন এলি ব্রেউক্স, দ্বিতীয় রানার আপ হয়েছেন ইন্ডিয়ানার সিডনি ব্রিজেস, তৃতীয় রানার আপ হয়েছেন কেন্টাকির ম্যালোরি হাডসন এবং চতুর্থ রানার আপ হয়েছেন রোড আইল্যান্ডের ক্যারোলিন প্যারেন্ট। ২০২৩ সালের মিস আমেরিকা বিজয়ী উইসকনসিনের গ্রেস স্ট্যানকে ম্যাডিসনকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন।

Comments (0)
Add Comment