ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলার জবাবে দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
গতকাল বুধবার (১৭ জানুয়ারি) দক্ষিণ লেবাননের একাধিক শহরে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, হামলার লক্ষ্য ছিলো হিজবুল্লাহর বিভিন্ন সামরিক স্থাপনা। এর আগে, মঙ্গলবারও (১৬ জানুয়ারি) হিজবুল্লাহ ও ইসরায়েল পরস্পরের ভূখণ্ডে হামলা-পাল্টা হামলা চালিয়েছে।
গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই লেবানন সীমান্তেও হচ্ছে সংঘাত। নিয়মিত বিরতিতেই হামলা চালাচ্ছে উভয়পক্ষ। এমনকি লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে হামাস ও হিজবুল্লাহর দুই শীর্ষ নেতাকে হত্যাও করেছে তেল আবিব।