ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান টুর্ক

দুদিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।

গতকাল সোমবার হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার বাংলাদেশ সফরের কথা তুলে ধরে বলা হয়, “এই সফরে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন।”

সফরকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, বিভিন্ন মন্ত্রণালয়ের বেশ কয়েকজন উপদেষ্টা, প্রধান বিচারপতি, সেনাপ্রধান এবং বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে হাইকমিশনারের দেখা করার কথা আছে।

ফলকার টুর্ক ঢাকা বিশ্ববিদ্যালয়েও একটি ভাষণ দেবেন, যেখানে তিনি সরকার পতন আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের সঙ্গেও দেখা করবেন। জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশে কূটনৈতিক মিশনের সদস্যদের সঙ্গেও বৈঠক করার কথা আছে তার।

হাইকমিশনার তার মিশন শেষে বুধবার সাড়ে পাঁচটায় ঢাকায় একটি সংবাদ সম্মেলন করবেন।

Comments (0)
Add Comment