মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতে আটকে পড়া কয়েক হাজার প্রবাসী বাংলাদেশির জন্য আশার আলো নিয়ে এলো জাজিরা এয়ারলাইন্স।
কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের ঐকান্তিক প্রচেষ্টায় আগামী ১১ এপ্রিল থেকে কুয়েত-দাম্মাম-ঢাকা রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে এই বেসরকারি বিমান সংস্থাটি।
প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে তিন দিন এই বিশেষ ফ্লাইটটি পরিচালিত হবে।
এর আওতায় কুয়েতের মিসরেফ ৮ নম্বর প্লে-গ্রাউন্ড থেকে যাত্রীদের জন্য সৌদি আরবের ট্রানজিট ভিসা, বাস সার্ভিস এবং বিমান সেবা নিশ্চিত করা হবে।
একইভাবে ঢাকা থেকেও আটকে পড়া প্রবাসীরা এই রুটে কুয়েতে ফিরতে পারবেন।
যারা ভিজিট ভিসায় সপরিবারে এসেছেন বা জরুরি চিকিৎসায় দেশে ফিরতে ইচ্ছুক, তাদের সৌদি ট্রানজিট ভিসা প্রাপ্তিতে বিশেষ সহযোগিতা দিচ্ছে বাংলাদেশ দূতাবাস।
তবে ফ্লাইট চালুর খবরে স্বস্তি ফিরলেও আকাশচুম্বী বিমান ভাড়া নিয়ে অসন্তোষ জানিয়েছেন প্রবাসীরা।
সরাসরি ফ্লাইটের তুলনায় দাম্মাম বা রিয়াদ হয়ে যাতায়াতে অনেক বেশি খরচ ও সময় ব্যয় হচ্ছে।
যাতায়াত সহজ ও সাশ্রয়ী করতে এই রুটে অতি দ্রুত বাংলাদেশ বিমানের বিশেষ এবং বড় ধারণক্ষমতাসম্পন্ন ফ্লাইট পরিচালনার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী প্রবাসীরা।