ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবু ধাবি রুটের ফ্লাইট সূচি ওলটপালট হয়ে গেছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার এই সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের আকাশসীমা ও বিমানবন্দরগুলোতে অচলাবস্থা তৈরি হয়েছে।
এর সরাসরি প্রভাব পড়েছে আবু ধাবি থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট রুটের ফ্লাইটগুলোর ওপর।
সবশেষ তথ্যানুযায়ী, গত বৃহস্পতিবারের আবু ধাবি-চট্টগ্রাম-ঢাকা ফ্লাইটটি (বিজি-১২৮) প্রায় ২৬ ঘণ্টা বিলম্বে শুক্রবার বিকেলে রওনা হয়।
মূলত আবু ধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সময়মতো অবতরণের অনুমতি (স্লট) না দেওয়ায় এই বিলম্ব ঘটে।
এছাড়া পরিস্থিতির অবনতি হওয়ায় বিমানের শনিবার রাতের ঢাকা-আবু ধাবি (বিজি-৩২৭) এবং পরবর্তী আবু ধাবি-সিলেট-ঢাকা (বিজি-২২৮) ফ্লাইট দুটি বাতিল করা হয়েছে।
একের পর এক ফ্লাইট বাতিল ও বিলম্বের কারণে শত শত প্রবাসী যাত্রী বিমানবন্দরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ভূত যুদ্ধাবস্থার কারণেই এই বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।