বিমানের ডিএমডি হলেন সৈয়দ মইন উদ্দিন আহমেদ

বিমানের ডিএমডি হলেন সৈয়দ মইন উদ্দিন আহমেদ

শেষ পর্যন্ত রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে নিয়োগ পেয়েছেন সৈয়দ মইন উদ্দিন আহমেদ। দীর্ঘ কয়েক বছর ধরে গুরুত্বপূর্ণ এই পদটি শূন্য ছিল।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সৈয়দ মইন উদ্দিন আহমেদকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তিনি এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করবেন।

দীর্ঘদিন পর ডিএমডি পদে নিয়োগ পাওয়ায় সংস্থাটির প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে অনেকে বলেছেন মইন উদ্দিন আহম্মেদকে ডিএমডি বানানোর কারণে শীর্ষ কর্মকর্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

ডিএমডি বক্তব্য

বাংলাদেশ বিমানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে আমাকে দায়িত্ব প্রদান করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি, বিশেষ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

১৯৯০-এর দশকের শুরু থেকে দীর্ঘ সময় বিমানে কাজ করার অভিজ্ঞতা আমার রয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জাতীয় পতাকাবাহী এই সংস্থার সেবার মানোন্নয়ন, কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানে উন্নীত করতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশ বিমানের সম্মানিত যাত্রীবৃন্দ, গ্রাহক, স্টেকহোল্ডার এবং দেশের সাধারণ জনগণের সহযোগিতা ও দোয়া একান্তভাবে কামনা করছি। বিশেষভাবে প্রবাসে বসবাসরত আমাদের প্রিয় যাত্রীদের প্রতি আমি আশ্বস্ত করতে চাই যে, তাদের ভ্রমণকে আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্ভরযোগ্য করতে আমরা অগ্রাধিকারভিত্তিতে কাজ করব।

সবার সম্মিলিত সহযোগিতায় বাংলাদেশ বিমানকে একটি আধুনিক, দক্ষ ও গর্বের জাতীয় এয়ারলাইন হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ধন্যবাদ ।

 

Comments (0)
Add Comment