রানওয়ে থেকে ফিরে এলো বিমানের চেন্নাইগামী ফ্লাইট

রানওয়েতে গিয়েও মাঝপথ থেকে ফিরে এলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেন্নাইগামী একটি ফ্লাইট।
উড্ডয়নের ঠিক আগমুহূর্তে এক যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ায় মানবিক কারণে তাৎক্ষণিক ফ্লাইটটি ফিরিয়ে আনেন পাইলট।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্র জানায়, বোয়িং ৭৩৭ মডেলের বিজি-৩৬৩ ফ্লাইটটির নির্ধারিত ছাড়ার সময় ছিল বেলা ১১টা ২০ মিনিট।
যাত্রী নিয়ে উড়োজাহাজটি যখন রানওয়েতে উড্ডয়নের জন্য প্রস্তুত, তখনই কেবিন ক্রুরা পাইলটকে এক যাত্রীর গুরুতর অসুস্থতার খবর দেন।
পরিস্থিতি বেগতিক দেখে পাইলট কালক্ষেপণ না করে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেন এবং বোর্ডিং ব্রিজে ফিরে যাওয়ার অনুমতি চান।
এটিসি টাওয়ারের নির্দেশে রানওয়েতে দুটি সামরিক প্লেন অবতরণের পর বিমানটি পুনরায় বোর্ডিং ব্রিজে ফিরে আসে।
এসময় অসুস্থ যাত্রীকে জরুরি ভিত্তিতে অক্সিজেন সেবা দেওয়া হয় এবং গ্রাউন্ড সার্ভিসের সহায়তায় দ্রুত বিমান থেকে নামিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
যাত্রীকে নিরাপদে নামানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১টা ১০ মিনিটে ফ্লাইটটি পুনরায় চেন্নাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে।
প্রায় ২ ঘণ্টা ২৭ মিনিটের উড্ডয়ন শেষে বিকেল ৩টা ৭ মিনিটে এটি নিরাপদে চেন্নাইয়ে অবতরণ করে।
বিমান কর্তৃপক্ষের ভাষ্যমতে, যাত্রীদের নিরাপত্তা ও জরুরি চিকিৎসা সহায়তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই এই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।
Comments (0)
Add Comment