বিমানের ঢাকা-ব্যাংকক রুটে খাবারের মান নিয়ে যাত্রী অসন্তোষ

বিমানের ঢাকা-ব্যাংকক রুটে খাবারের মান নিয়ে যাত্রী অসন্তোষ

ঢাকা: রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স -এর ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে সেবার মান, বিশেষ করে খাবারের গুণগত মান নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। সম্প্রতি এক যাত্রীর সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে ঘিরে এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

যাত্রী রোটারিয়ান আরটিএন আনোয়ার চৌধুরী পিএইচএফ (Rtn Anwar Chowdhury PHF) গত ১১ এপ্রিল তার ফেসবুক পোস্টে এ রুটে ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বর্তমানে এই রুটে টিকিটের মূল্য ৪২ হাজার টাকার নিচে নয়। এত উচ্চমূল্য পরিশোধের পর যাত্রীরা ন্যূনতম মানসম্মত সেবা প্রত্যাশা করলেও বাস্তবে তা পাওয়া যাচ্ছে না।

তার পোস্টে সবচেয়ে বেশি সমালোচনা করা হয় বিমানের সরবরাহ করা ভেজিটেরিয়ান খাবার নিয়ে। তিনি দাবি করেন, নিরামিষ খাবারের মান এতটাই খারাপ ছিল যে তা প্রায় খাওয়ার অনুপযোগী। খাবারের ছবিতে দেখা যায়—একপাশে ডাল, মাঝখানে ভাত এবং অন্যপাশে সামান্য সবজি পরিবেশন করা হয়েছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক রুটে এ ধরনের নিম্নমানের খাবার পরিবেশন দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। একই সঙ্গে তিনি বিমান কর্তৃপক্ষের কাছে খাবারের মান উন্নয়ন অথবা বিকল্প হিসেবে খাবার সরবরাহ বন্ধ করে টিকিটের মূল্য সমন্বয়ের দাবি জানান।

এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

Comments (0)
Add Comment