আগামী বছর হজে বিমানভাড়া কমতে পারে ২০ হাজার টাকা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত

আগামী বছর হজে বিমানভাড়া কমতে পারে ২০ হাজার টাকা

ঢাকা: হজযাত্রীদের জন্য স্বস্তির খবর দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত। তিনি জানিয়েছেন, সরকার হজের মোট খরচ কমানোর পরিকল্পনা নিয়েছে এবং এর অংশ হিসেবে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা পর্যন্ত কমানো সম্ভব হতে পারে আগামী বছর থেকে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে হজযাত্রীদের মধ্যে নুসুক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বেসরকারি লিড এজেন্সি আমিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উদ্যোগে এবং সৌদি আরবের রাওয়াফ মিনা এজেন্সির সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনা আরও সহজ ও সাশ্রয়ী করতে সরকার কাজ করছে। “বিমানভাড়া সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার চেষ্টা চলছে, যাতে যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ না পড়ে,” বলেন তিনি।

হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, কোনো হজ এজেন্সি যাত্রীদের যথাযথ সেবা দিতে ব্যর্থ হলে তাদের লাইসেন্স বাতিল করা হবে। একইভাবে দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে সংসদ সদস্য শামীম কায়সার বলেন, স্বল্প সময়ের প্রস্তুতি সত্ত্বেও সরকার একটি সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, এবার হজযাত্রীরা আরও উন্নত সেবা পাবেন।

হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার নুসুক কার্ডের গুরুত্ব তুলে ধরে বলেন, এই কার্ড ছাড়া হারাম শরীফে প্রবেশ করা যায় না এবং এটি হারিয়ে গেলে যাত্রীরা জটিলতায় পড়তে পারেন। তাই কার্ড বিতরণে বাড়তি সতর্কতার ওপর জোর দেন তিনি।

এবারই প্রথম দেশের ভেতর থেকেই হজযাত্রীদের হাতে নুসুক কার্ড তুলে দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এর ফলে সৌদি আরবে গিয়ে যাত্রীদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে।

Comments (0)
Add Comment