সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়াগামী বিমানে এক নারী যাত্রীকে যৌন নিপীড়ন ও ধর্ষ’ণের অভিযোগে ৫২ বছর বয়সী এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে স্কুট এয়ারলাইন্সের (Scoot Airlines) একটি ফ্লাইটে।
গত সোমবার (১৩ এপ্রিল) সিঙ্গাপুর থেকে পার্থ যাওয়ার পথে মাঝআকাশে সুধীর কুমার চৌহান নামে ওই ব্যক্তি তার পাশের সিটে বসা এক নারী যাত্রীর ওপর পাশবিক হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী নারী দ্রুত কেবিন ক্রুদের কাছে সাহায্যের আবেদন জানালে তাকে তৎক্ষণাৎ অন্য একটি আসনে সরিয়ে নেওয়া হয়।
ফ্লাইটের বাকি সময় অভিযুক্ত ব্যক্তির ওপর কড়া নজরদারি রাখেন বিমান কর্মীরা।
বিমানটি পার্থ বিমানবন্দরে অবতরণ করার সাথে সাথেই ‘অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ’ (AFP) অভিযুক্ত সুধীর কুমারকে বিমান থেকে নামিয়ে হেফাজতে নেয়।
তার বিরুদ্ধে ‘সম্মতিহীন যৌন মিলন’ এবং ‘অশালীন আচরণ’-এর একাধিক সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।
বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন এবং আগামী শুক্রবার তার জামিন আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
এএফপি কর্মকর্তা পিটার ব্রিন্ডাল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিমানে বা বিমানবন্দরে কোনো ধরনের অশালীন আচরণ সহ্য করা হবে না।
প্রতিটি যাত্রীর নিরাপদে ভ্রমণ করার অধিকার রয়েছে। এ ধরনের পরিস্থিতিতে আক্রান্তদের দ্রুত বিমান কর্মী বা নিরাপত্তা বাহিনীকে জানানোর জন্য তিনি উৎসাহিত করেছেন।
এই ঘটনার খবরটি স্থানীয় পত্রিকা ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’-এ বিস্তারিতভাবে প্রকাশিত হওয়ার পর আন্তর্জাতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।