আকিজ বশির এভিয়েশনকে এয়ারলাইন লাইসেন্স দিল বেবিচক
ঢাকাঃ দেশে বেসরকারি খাতে নতুন এয়ারলাইন যুক্ত হওয়ার পথে আরেক ধাপ এগোল Civil Aviation Authority of Bangladesh (বেবিচক)। সংস্থাটি সাবেক বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের প্রতিষ্ঠান Akij Bashir Aviation-কে বাণিজ্যিক এয়ারলাইন পরিচালনার লাইসেন্স প্রদান করেছে।
রবিবার (১৯ এপ্রিল) বেবিচক এই লাইসেন্স অনুমোদন দেয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর মাধ্যমে দেশের আকাশপথে নতুন একটি বেসরকারি এয়ারলাইন চালুর পথ উন্মুক্ত হলো।
সূত্র জানায়, আকিজ বশির এভিয়েশন গত বছর লাইসেন্সের জন্য আবেদন করেছিল। দীর্ঘ প্রক্রিয়া শেষে এখন সেই আবেদন অনুমোদন পেয়েছে। প্রতিষ্ঠানটি ২০২২ সালের ১১ মার্চ ট্রেড লাইসেন্স গ্রহণ করে এবং পরবর্তীতে জয়েন্ট স্টক কোম্পানি হিসেবে নিবন্ধনের জন্যও আবেদন করে।
শেখ বশির উদ্দিন ২০২৫ সালের ১৫ এপ্রিল অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। পরে একই বছরের ২৬ আগস্ট তিনি Biman Bangladesh Airlines-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এর পরপরই আকিজ বশির এভিয়েশন লিমিটেডের পক্ষ থেকে বাণিজ্যিক এয়ারলাইন পরিচালনার লাইসেন্সের জন্য আবেদন করা হয়।
প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানিয়েছেন, লাইসেন্স পাওয়ার আগেই অপারেশন শুরুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। পাইলট, ইঞ্জিনিয়ার, হ্যাঙ্গারসহ প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত রয়েছে।
এ বিষয়ে শেখ বশির উদ্দিন গণমাধ্যমকে বলেন, “আমি প্রভাব বিস্তার করলে তো অনেক আগেই লাইসেন্স পেয়ে যেতাম। তবে আমি নিয়মতান্ত্রিকভাবেই দায়িত্ব পালন করেছি এবং নির্ধারিত প্রক্রিয়ায় লাইসেন্সের জন্য আবেদন করেছি।”
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই এয়ারলাইন চালু হলে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে প্রতিযোগিতা বাড়বে, যা যাত্রীসেবার মান উন্নয়ন ও ভাড়া নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।