দেশজুড়ে ১০ জেলায় ১,৩০০-এর বেশি সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদ উপহার বিতরণ
ঢাকা: দেশের বিভিন্ন জেলায় সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেছে ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব)। বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের সহায়তায় সংগঠনটি ‘স্ট্রিট চিলড্রেনদের জন্য ঈদ ও তার পরিধি ২০২৬’ শীর্ষক কর্মসূচির আওতায় সারাদেশে ১০ জেলায় ১,৩০০-এর বেশি শিশুর মধ্যে ঈদ উপহার বিতরণ করেছে।
মার্চ ২০২৬ জুড়ে পরিচালিত এ কর্মসূচিতে ইউনিস্যাবের শতাধিক স্বেচ্ছাসেবক, স্থানীয় অংশীদার ও স্পন্সররা অংশ নেন। বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে আয়োজিত বিতরণ কার্যক্রমে শিশুদের মাঝে স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা সামগ্রী ও খাদ্যসহ প্রয়োজনীয় উপহার তুলে দেওয়া হয়।
রাজধানী ঢাকায় বাটারফ্লাই স্কুল, সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি (এসআরএস) এবং লিডোতে মোট ৩১১টি প্যাকেজ বিতরণ করা হয়। চট্টগ্রামে সলোশহরের বন গবেষণাগার উচ্চবিদ্যালয় মাঠে প্রায় ৭০ জন পথশিশুর মাঝে উপহার দেওয়া হয়। এছাড়া খাগড়াছড়ির রামগড়ে একটি এতিম মাদ্রাসায় আরও একটি বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। একইসঙ্গে সেখানে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। চট্টগ্রাম বিভাগে মোট ১৬৩টি প্যাকেজ বিতরণ করা হয়।
বরিশাল বিভাগে বরিশাল, পটুয়াখালী ও ঝালকাঠির পাঁচটি স্থানে ২৩৪ জন শিশুর মাঝে উপহার দেওয়া হয়। রাজশাহীতে তালাইমারী শহীদ মিনার, রেলস্টেশন ও বুধপাড়া এলাকায় ১৭২টি প্যাকেজ বিতরণ করা হয়। রংপুরের প্রতিশ্রুতি আবাসিক স্কুলে ১৮৯ জন শিশুর মাঝে উপহার পৌঁছে দেওয়া হয়।
এছাড়া শরীয়তপুরে ৭৩ জন, পাবনায় ৫৮ জন, জয়পুরহাটে ৪৪ জন, কুমিল্লায় ৪১ জন এবং খুলনায় ৩৭ জন শিশুর মাঝে উপহার বিতরণ করা হয়েছে।
আয়োজকরা জানান, এই কর্মসূচি শুধু উপহার দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শিশুদের সঙ্গে সময় কাটানো, তাদের আনন্দ ভাগাভাগি করা এবং তাদের মূল্যবান হিসেবে অনুভব করানোই এর মূল উদ্দেশ্য।
সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছে। ইউনিস্যাবের এই উদ্যোগ বাস্তবায়নে ইউনিলিভার বাংলাদেশের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে আয়োজকরা উল্লেখ করেন।