বৈশ্বিক কার্যক্রমে ঘুরে দাঁড়িয়েছে এমিরেটস, ঢাকায় প্রতিদিন ৩ ফ্লাইট অব্যাহত 

দীর্ঘ সময়ের বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে বিঘ্নিত কার্যক্রম কাটিয়ে আবারও শক্ত অবস্থানে ফিরেছে এমিরেটস।

 

দীর্ঘ সময়ের বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে বিঘ্নিত কার্যক্রম কাটিয়ে আবারও শক্ত অবস্থানে ফিরেছে এমিরেটস। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এয়ারলাইনটি তাদের বিশ্বব্যাপী নেটওয়ার্কের প্রায় ৯৬ শতাংশ পুনরুদ্ধার করেছে এবং বর্তমানে ৭২টি দেশের ১৩৭টি গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। একইসঙ্গে সপ্তাহে ১,৩০০টিরও বেশি ফ্লাইট পরিচালনার মাধ্যমে তারা ধীরে ধীরে আগের সক্ষমতায় ফিরছে।

বাংলাদেশের জন্যও রয়েছে ইতিবাচক খবর। ঢাকা রুটে প্রতিদিন তিনটি ফ্লাইট চালু রেখেছে এমিরেটস, যা যাত্রীদের জন্য ভ্রমণকে আরও সহজ ও নিরবচ্ছিন্ন করেছে। সাম্প্রতিক সময়ে আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, জিসিসি অঞ্চল, দূরপ্রাচ্য এবং অস্ট্রেলিয়ায় তাদের পরিষেবা পুনরায় চালু করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিঘ্নকালীন সময়েও সীমিত সক্ষমতায় পরিচালনা চালিয়ে গিয়ে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত প্রায় ৪৭ লাখ যাত্রী পরিবহন করেছে এয়ারলাইনটি। বর্তমানে তাদের পরিচালন সক্ষমতা আগের তুলনায় প্রায় ৭৫ শতাংশে পৌঁছেছে।

যাত্রীসেবায় বাড়তি সুবিধাও যুক্ত করেছে এমিরেটস। ২ এপ্রিল থেকে সব কেবিন ক্লাসে একবার বিনামূল্যে তারিখ পরিবর্তনের সুযোগ দেওয়া হচ্ছে। এছাড়া যাত্রীরা ২৪ ঘণ্টা পর্যন্ত কোনো ভাড়া বিনামূল্যে ধরে রাখার সুবিধা পাচ্ছেন, যা ভ্রমণ পরিকল্পনায় আরও নমনীয়তা যোগ করছে।

দুবাইয়ে দীর্ঘ ট্রানজিট যাত্রীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। দুবাই-এ ৬ থেকে ২৬ ঘণ্টা ট্রানজিট থাকলে এমিরেটসের “Dubai Connect” প্রোগ্রামের আওতায় যাত্রীরা বিনামূল্যে ৪ বা ৫ তারকা হোটেলে থাকার সুযোগ পাচ্ছেন। এর সঙ্গে বিমানবন্দর-হোটেল যাতায়াত, খাবার এবং প্রয়োজন অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত-এ প্রবেশের ভিসাও দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এমিরেটসের এই দ্রুত পুনরুদ্ধার বৈশ্বিক বিমান চলাচল খাতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং আন্তর্জাতিক ভ্রমণ আবারও গতি পাবে।

 

Comments (0)
Add Comment