আন্তর্জাতিক ফ্লাইট কমাচ্ছে এয়ার ইন্ডিয়া
ভারতীয় বিমান সংস্থা Air India মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি ও বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির প্রভাবে আগামী জুন থেকে আগস্ট পর্যন্ত একাধিক আন্তর্জাতিক রুটে ফ্লাইট কমানো ও কিছু রুট সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের আকাশসীমায় বিধিনিষেধ আরোপ হওয়ায় ইউরোপ ও উত্তর আমেরিকাগামী ফ্লাইটগুলোকে দীর্ঘপথে চলতে হচ্ছে। এর ফলে বেড়েছে জেট ফুয়েল বা এভিয়েশন টারবাইন ফুয়েলের খরচ। বাড়তি পরিচালন ব্যয়ের চাপ সামাল দিতে এবং পুরো নেটওয়ার্কে স্থিতিশীলতা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।
এয়ার ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, দিল্লি-শিকাগো ও দিল্লি-সাংহাই রুট আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া চেন্নাই-সিঙ্গাপুর, মুম্বই-ঢাকা ও দিল্লি-মালে রুটেও সাময়িকভাবে ফ্লাইট স্থগিত করা হয়েছে।
শুধু রুট বন্ধই নয়, একাধিক আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট সংখ্যাও কমানো হচ্ছে। দিল্লি-সান ফ্রান্সিসকো রুটে সাপ্তাহিক ফ্লাইট ১০ থেকে কমিয়ে ৭টি করা হয়েছে। একইভাবে দিল্লি-টরন্টো ও দিল্লি-ভ্যাঙ্কুভার রুটেও ফ্লাইট সংখ্যা কমানো হচ্ছে। ইউরোপের প্যারিস, কোপেনহেগেন, মিলান, ভিয়েনা, জুরিখ ও রোম রুটেও কাটছাঁটের ঘোষণা দিয়েছে সংস্থাটি।
অস্ট্রেলিয়াগামী দিল্লি-মেলবোর্ন ও দিল্লি-সিডনি ফ্লাইটও সপ্তাহে ৭টির পরিবর্তে ৪টি পরিচালিত হবে। এছাড়া সিঙ্গাপুর, ব্যাংকক, কুয়ালালামপুর, হ্যানয়, কাঠমান্ডু, ঢাকা ও কলম্বো রুটেও পরিষেবা কমানো হচ্ছে।
তবে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ফ্লাইট সংখ্যা কমানো হলেও প্রতি মাসে ১ হাজার ২০০টির বেশি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে। যেসব যাত্রীর ফ্লাইট বাতিল বা সময়সূচি পরিবর্তন হবে, তাদের বিকল্প বুকিং, বিনামূল্যে তারিখ পরিবর্তন কিংবা সম্পূর্ণ অর্থ ফেরতের সুবিধা দেওয়া হবে বলেও জানিয়েছে সংস্থাটি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই পর্যন্ত এয়ার ইন্ডিয়ার সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের যে দাবি ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে বিমান সংস্থাটি।