দুবাইফেরত যাত্রীর কাছ থেকে ১ কেজির বেশি সোনা জব্দ

বিমানবন্দরে দুবাইফেরত এক নারী যাত্রীর কাছ থেকে প্রায় কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক নারী যাত্রীর কাছ থেকে প্রায় কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ মে) সকালে বিমানবন্দরের ডমেস্টিক টার্মিনালে অভিযান চালিয়ে তার কাছ থেকে ১ কেজি ২২৮ গ্রাম সোনা জব্দ করা হয়। এ ঘটনায় ওই নারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আটক নারীর নাম তামান্না মাইমুনা (২১)। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। বিমানবন্দর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই ডমেস্টিক টার্মিনালে নজরদারি বাড়ানো হয়েছিল। গোয়েন্দা সংস্থার কাছে তথ্য ছিল, বিদেশ থেকে আসা এক যাত্রী বিশেষ কৌশলে বিপুল পরিমাণ সোনা বহন করছেন।

বুধবার সকাল ৮টার দিকে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৪৮ ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে ঢাকায় পৌঁছায়। ওই ফ্লাইট থেকেই নামেন তামান্না মাইমুনা। পরে তিনি গ্রিন চ্যানেল অতিক্রম করার চেষ্টা করলে দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হয়। তাৎক্ষণিকভাবে তাকে আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে তার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ কেজি ২২৮ গ্রাম সোনা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। বিমানবন্দর সূত্র বলছে, সোনা পাচারে নতুন নতুন কৌশল ব্যবহার করছে চক্রগুলো। অনেক সময় নারী যাত্রীদের ব্যবহার করে শরীরের বিভিন্ন অংশে সোনা লুকিয়ে আনার চেষ্টা করা হয়।

এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ একটি চোরাচালান চক্রের সদস্য হিসেবে কাজ করছিলেন ওই নারী। তার কাছ থেকে উদ্ধার হওয়া সোনাগুলো কোথায় সরবরাহ করা হতো এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আটক যাত্রী এবং জব্দ সোনা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন বিমানবন্দরে সোনা পাচারের ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Comments (0)
Add Comment