৪ ডোমেস্টিক বিমানবন্দর আন্তর্জাতিক হচ্ছে!

রাজশাহী, কক্সবাজার, যশোর ও সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক গেটওয়েতে উন্নীত করা হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের বিমান যোগাযোগ ব্যবস্থাকে আরও সম্প্রসারণ এবং আঞ্চলিক সংযোগ জোরদারের লক্ষ্যে রাজশাহী, কক্সবাজার, যশোর ও সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক গেটওয়েতে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী বলেন, দেশের বিমান পরিবহন খাতকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিমানবন্দরগুলোকে সমন্বিত যাত্রী ও লজিস্টিকস হাবে রূপান্তরের পাশাপাশি দেশের চারটি আঞ্চলিক বিমানবন্দরকে আন্তর্জাতিক গেটওয়েতে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, রাজশাহী, কক্সবাজার, যশোর ও সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নয়নের মাধ্যমে নতুন আন্তর্জাতিক রুট চালু, যাত্রীসেবা বৃদ্ধি এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার সুযোগ সৃষ্টি হবে। এর ফলে সংশ্লিষ্ট অঞ্চলে পর্যটন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে ইতিবাচক প্রভাব পড়বে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আরও বলেন, বিমানবন্দরগুলোর অবকাঠামোগত উন্নয়ন, যাত্রীসেবা আধুনিকীকরণ এবং কার্গো পরিবহন সুবিধা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে দেশের বিমান যোগাযোগ ব্যবস্থাকে আরও কার্যকর করতে একটি সমন্বিত ডিজিটাল লজিস্টিকস প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনাও রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, কক্সবাজার আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে এবং সৈয়দপুর উত্তরাঞ্চলের আঞ্চলিক হাব হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অন্যদিকে যশোর ও রাজশাহী বিমানবন্দর আন্তর্জাতিক মর্যাদা পেলে দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের যাত্রীদের জন্য বিদেশ ভ্রমণ আরও সহজ হবে।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বিমান পরিবহন খাতের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং বাংলাদেশকে আঞ্চলিক বিমান ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য অর্জনে নতুন গতি আসবে।

Comments (0)
Add Comment