পর্যটকদের জন্য সুখবর দিল আমিরাত

৪৮ ঘণ্টায় টুরিস্ট ভিসা, হোটেল ভাড়ায় বড় ছাড়

৪৮ ঘণ্টায় টুরিস্ট ভিসা, হোটেল ভাড়ায় বড় ছাড়: পর্যটকদের জন্য সুখবর দিল আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক: পর্যটন খাতকে আরও গতিশীল করতে ভ্রমণপ্রেমীদের জন্য একাধিক সুবিধা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটিতে এখন মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই টুরিস্ট ভিসা অনুমোদনের সুযোগ মিলছে, যা আন্তর্জাতিক পর্যটকদের জন্য বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম খালিজ টাইমস-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, দ্রুত ভিসা অনুমোদনের পাশাপাশি হোটেল ভাড়া, বিনোদনমূলক কার্যক্রম এবং জনপ্রিয় পর্যটন আকর্ষণগুলোতে উল্লেখযোগ্য মূল্যছাড় দেওয়া হচ্ছে। ফলে তুলনামূলক কম খরচে ভ্রমণের জন্য নতুন করে আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে দুবাই।

পর্যটনসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বর্তমানে মাত্র ১৩৯ দিরহাম থেকেই হোটেল কক্ষ বুকিংয়ের সুযোগ পাওয়া যাচ্ছে। এছাড়া ডেজার্ট সাফারি, জেট স্কি, বাগি রাইডসহ বিভিন্ন আউটডোর অ্যাডভেঞ্চার কার্যক্রমেও বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। ফলে আগাম পরিকল্পনা করলে পর্যটকরা স্বল্প বাজেটেই উপভোগ করতে পারবেন আন্তর্জাতিক মানের ভ্রমণ অভিজ্ঞতা।

ট্রাভেল এজেন্টদের মতে, গ্রীষ্মকালকে কেন্দ্র করে ইউএই সরকার ও বেসরকারি পর্যটন খাত যৌথভাবে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে। এর অংশ হিসেবে দ্রুত ভিসা প্রসেসিং, কম খরচের আবাসন এবং পর্যটন প্যাকেজে মূল্যছাড় দেওয়া হচ্ছে।

খালিজ টাইমসের প্রতিবেদনে পর্যটকদের জন্য কিছু পরামর্শও দেওয়া হয়েছে। বিশেষ করে আবাসন খরচ কমাতে অনলাইনে আগাম বুকিংয়ের পরিবর্তে গন্তব্যে পৌঁছে সরাসরি হোটেলের সঙ্গে যোগাযোগ করলে অনেক সময় আরও কম মূল্যে কক্ষ পাওয়া যেতে পারে। কারণ মৌসুম ও চাহিদার ভিত্তিতে হোটেল ভাড়া নিয়মিত ওঠানামা করে।

ওয়াইজফক্স ট্যুরিজমের সিনিয়র ম্যানেজার সুবাইর বলেন, “গ্রীষ্মকালীন মৌসুমে দুবাই বর্তমানে সবচেয়ে সাশ্রয়ী আন্তর্জাতিক পর্যটন গন্তব্যগুলোর একটি। হোটেল ভাড়া কমে যাওয়া এবং বিভিন্ন পর্যটন আকর্ষণে বিশেষ ছাড়ের কারণে ভ্রমণকারীরা স্বল্প খরচে উন্নতমানের সেবা উপভোগ করতে পারছেন।”

পর্যটন খাতসংশ্লিষ্টদের ধারণা, দ্রুত ভিসা অনুমোদন এবং আকর্ষণীয় মূল্যছাড়ের কারণে আগামী মাসগুলোতে ইউএইতে পর্যটকের আগমন আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে স্বল্প বাজেটে বিদেশ ভ্রমণের পরিকল্পনা করা পর্যটকদের জন্য দুবাই ও অন্যান্য আমিরাত শহর আরও জনপ্রিয় হয়ে উঠতে পারে।

Comments (0)
Add Comment