রেসকিউ হেলিকপ্টার-ড্রোন পাচ্ছে ফায়ার সার্ভিস

দেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আধুনিক ও পূর্ণাঙ্গ জরুরি সেবা সংস্থায় রূপান্তরের লক্ষ্যে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আগুন নেভানোর প্রচলিত দায়িত্বের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা, উদ্ধার ও জরুরি চিকিৎসা সেবায় সক্ষমতা বাড়াতে রেসকিউ হেলিকপ্টার, সার্চ-সার্ভেল্যান্স ড্রোন, নতুন ফায়ার স্টেশন এবং আধুনিক উদ্ধার সরঞ্জাম সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, দেশের প্রতিটি বিভাগের জন্য পৃথক রেসকিউ হেলিকপ্টার সংগ্রহ করা হবে। পাশাপাশি পর্যায়ক্রমে ৫০০টি সার্চ ও নজরদারি ড্রোন কেনা হবে, যা দুর্যোগ ও দুর্গম এলাকায় দ্রুত অনুসন্ধান ও উদ্ধারকাজে ব্যবহৃত হবে। এছাড়া কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে ৭৩টি নতুন অগ্নিনির্বাপণ ও উদ্ধার ইউনিট মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে।

জনবল ও অবকাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে প্রায় ২০০ নতুন পদ সৃষ্টি, ২৯টি নতুন ফায়ার স্টেশন স্থাপন এবং বিভিন্ন পুরোনো স্টেশনের পুনর্নির্মাণের পরিকল্পনা রয়েছে। দুর্গম এলাকায় দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রথম ধাপে ৫০টি আধুনিক অ্যাম্বুলেন্স সংগ্রহ করা হবে। ভবিষ্যতে উপজেলা পর্যায়েও অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া জাতীয় সার্চ অ্যান্ড রেসকিউ ইউনিট গঠন, বিশেষায়িত ফায়ার সার্ভিস একাডেমি প্রতিষ্ঠা এবং ৫০ শয্যাবিশিষ্ট ফায়ার সার্ভিস জেনারেল হাসপাতাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ভূমিকম্প মোকাবিলায় যৌথ মহড়া, ডুবুরি ইউনিট সম্প্রসারণ এবং কমিউনিটিভিত্তিক স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের কর্মসূচিও বাস্তবায়ন করা হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে ফায়ার সার্ভিস আন্তর্জাতিক মানের সমন্বিত জরুরি সেবা প্রতিষ্ঠানে পরিণত হবে। তবে তারা সতর্ক করে বলেছেন, আধুনিক সরঞ্জাম সংগ্রহের পাশাপাশি দক্ষ জনবল তৈরি, নিয়মিত প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ বাজেট এবং কার্যকর সমন্বয় নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর জানিয়েছে, নিয়োগ, ক্রয় ও আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রেখেই প্রকল্পগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। সংশ্লিষ্টদের আশা, পরিকল্পনাগুলো সফলভাবে বাস্তবায়িত হলে দেশের অগ্নিনির্বাপণ, উদ্ধার ও দুর্যোগ মোকাবিলা ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা হবে এবং সাধারণ মানুষ আরও দ্রুত ও মানসম্মত জরুরি সেবা পাবেন।

Comments (0)
Add Comment