ইরানের হামলায় কুয়েতের বিমান চলাচলে বড় বিপর্যয়

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েতে দফায় দফায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দেশটির বিমান চলাচলে বড় ধরনের প্রভাব পড়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েতে দফায় দফায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দেশটির বিমান চলাচলে বড় ধরনের প্রভাব পড়েছে। নিরাপত্তাজনিত কারণে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হলে জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা কুয়েত এয়ারওয়েজ অধিকাংশ ফ্লাইটের সময়সূচি পুনঃনির্ধারণ করেছে। ফলে আন্তর্জাতিক ও আঞ্চলিক রুটের যাত্রীরা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, একদিনে অন্তত চার দফা হামলার কারণে কুয়েতজুড়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে। হামলার সময় বারবার বিমান হামলার সাইরেন বেজে ওঠে এবং দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করে।

পরিস্থিতির কারণে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। কুয়েত এয়ারওয়েজ এক বিবৃতিতে জানায়, আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় বেশিরভাগ ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। যাত্রীদের নিজ নিজ ফ্লাইটের সর্বশেষ তথ্য নিয়মিত যাচাই করার অনুরোধ জানিয়েছে বিমান সংস্থাটি। এছাড়া বুকিংয়ের সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএস ও অন্যান্য নোটিফিকেশনের মাধ্যমে নতুন সময়সূচি জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।

কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করছে। সেনাবাহিনীর জেনারেল স্টাফ সাধারণ মানুষকে বিস্ফোরণের শব্দে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে। তাদের ভাষ্য, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করার সময়ই এসব বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে টানা সাত রাত ধরে সামরিক অভিযান পরিচালনা করা হচ্ছে। অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রকে অবিলম্বে বিমান হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে। তেহরানের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, মার্কিন হামলা অব্যাহত থাকলে ইরান পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়ে পড়তে পারে।

ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালিয়ে যায়, তবে ইরান শুধু পাল্টা জবাবেই সীমাবদ্ধ থাকবে না; বরং সংঘাত আরও বিস্তৃত হতে পারে এবং মধ্যপ্রাচ্যের কোনো রাজনৈতিক সীমান্তই নিরাপদ থাকবে না।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা আন্তর্জাতিক বিমান চলাচলের ওপরও সরাসরি প্রভাব ফেলছে। কুয়েতের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হওয়ায় অনেক আন্তর্জাতিক ফ্লাইট বিলম্বিত, পুনঃনির্ধারিত বা বিকল্প রুটে পরিচালিত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিমান সংস্থাগুলোকে নিরাপত্তার স্বার্থে সময়সূচি পরিবর্তন এবং রুট সমন্বয়ের মতো পদক্ষেপ অব্যাহত রাখতে হতে পারে। যাত্রীদেরও ভ্রমণের আগে নিজ নিজ বিমান সংস্থার সর্বশেষ নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Comments (0)
Add Comment