দুবাই-মুম্বাই ফ্লাইটে ধোঁয়ার আতঙ্ক, রাজকোটে জরুরি অবতরণ

দুবাই থেকে মুম্বাইগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সোমবার ধোঁয়ার আতঙ্ক সৃষ্টি হলে পাইলট তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে ভারতের গুজরাটের রাজকোট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করান।

এই ঘটনায় বিমানটির সব যাত্রীকে নিরাপদে নামানো সম্ভব হয়েছে এবং বড় ধরনের কোনো দুর্ঘটনা এড়ানো গেছে।

জানা গেছে, ফ্লাইট চলাকালীন পাইলট কেবিনে ধোঁয়া দেখতে পেলে সঙ্গে সঙ্গেই রাজকোট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন এবং জরুরি অবতরণের অনুরোধ জানান।

খবর পেয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্কতা হিসেবে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স রানওয়েতে প্রস্তুত রাখে। পরে বিমানটি নিরাপদে অবতরণ করে এবং সব যাত্রীকে সুস্থভাবে বের করে আনা হয়।

রাজকোটের পুলিশ কমিশনার জানিয়েছেন, উদ্বেগের কোনো কারণ নেই। সব যাত্রী সম্পূর্ণ নিরাপদ আছেন এবং তাদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক মাসে ইন্ডিগোর বিমানে জরুরি পরিস্থিতির এটি দ্বিতীয় ঘটনা।

এর আগে গত মে মাসে হায়দ্রাবাদ থেকে চণ্ডীগড়গামী ইন্ডিগোর একটি ফ্লাইটে এক যাত্রীর পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে কেবিনে ধোঁয়া ছড়িয়ে পড়ে।

১৯৮ জন যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে ওই ফ্লাইটটি শহীদ ভগত সিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ট্যাক্সিং করার সময় এই দুর্ঘটনা ঘটে।

কেবিন ক্রুরা দ্রুত আগুন নিভিয়ে ফেললেও ততক্ষণে ধোঁয়া ছড়িয়ে পড়ায় জরুরি বহির্গমন পথ ব্যবহার করে যাত্রীদের নামানো হয়।

সে সময় এক যাত্রী আহত হয়েছিলেন, তবে বাকি সবাই নিরাপদে নেমে আসেন।

Comments (0)
Add Comment