চীনের গুয়াংজু ও অস্ট্রেলিয়ার সিডনির মধ্যে সরাসরি কার্গো ফ্লাইট চালু করেছে আন্তর্জাতিক কুরিয়ার ও লজিস্টিকস প্রতিষ্ঠান ফেডএক্স। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নিজেদের কার্গো নেটওয়ার্ক আরও শক্তিশালী করার অংশ হিসেবে নতুন এই সেবা চালু করা হয়েছে। বোয়িং ৭৭৭ ফ্রেইটার উড়োজাহাজ দিয়ে সপ্তাহে পাঁচটি ননস্টপ ফ্লাইট পরিচালনা করবে ফেডএক্স।
নতুন এই সেবাটি চীনের গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার সিডনি বিমানবন্দর পর্যন্ত সরাসরি পরিচালিত হবে। ফেডএক্সের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ হাব হিসেবে পরিচিত গুয়াংজু থেকে এই রুট চালুর ফলে এশিয়ার বিভিন্ন বাজারের সঙ্গে অস্ট্রেলিয়ার পণ্য পরিবহন যোগাযোগ আরও দ্রুত ও কার্যকর হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
ফেডএক্স জানিয়েছে, নতুন রুটের মাধ্যমে দক্ষিণ চীনের মূল ভূখণ্ড, হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইনসহ গুরুত্বপূর্ণ এশীয় বাজার থেকে অস্ট্রেলিয়ায় পণ্য পাঠানোর অতিরিক্ত সক্ষমতা তৈরি হবে। বিশেষ করে ভারী ও উচ্চমূল্যের পণ্য পরিবহনে এই সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সরাসরি ফ্লাইটের কারণে পণ্য দ্রুত গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে এবং ব্যবসায়ীদের জন্য বাজারে পণ্য পৌঁছানোর সময়ও কমবে।
ফেডএক্স এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট সালিল চারি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য নেটওয়ার্ক ব্যবসায়িক সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। গুয়াংজু-সিডনি সরাসরি কার্গো সেবা চালুর মাধ্যমে এশিয়ার অভ্যন্তরীণ সংযোগ আরও গভীর হবে এবং আরও স্থিতিশীল ও টেকসই সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে।
নতুন রুটটি এশিয়ায় ফেডএক্সের নেটওয়ার্ক সম্প্রসারণ পরিকল্পনারই অংশ। এর আগে গত বছর গুয়াংজু থেকে মালয়েশিয়ার পেনাং আন্তর্জাতিক বিমানবন্দরে বোয়িং ৭৬৭ ফ্রেইটার দিয়ে সপ্তাহে পাঁচটি ফ্লাইট চালু করেছিল প্রতিষ্ঠানটি। একই সময়ে গুয়াংজু ও ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যেও সপ্তাহে পাঁচটি ৭৬৭ ফ্রেইটার ফ্লাইট যুক্ত করা হয়।
এছাড়া দক্ষিণ কোরিয়ার ইনচন আন্তর্জাতিক বিমানবন্দর, ভিয়েতনামের হ্যানয়ের নই বাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং গুয়াংজুর মধ্যে সাপ্তাহিক একটি কার্গো ফ্লাইটও চালু করেছে ফেডএক্স। এসব উদ্যোগের মাধ্যমে এশিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোর মধ্যে পণ্য পরিবহন নেটওয়ার্ক আরও বিস্তৃত হচ্ছে।
ফেডএক্সের নতুন গুয়াংজু-সিডনি ননস্টপ সেবা শুধু দুই শহরের মধ্যে কার্গো যোগাযোগ বাড়াবে না, বরং এশিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্রুত বাণিজ্যিক পণ্য পরিবহনেও নতুন সুযোগ তৈরি করবে। বিশেষ করে ই-কমার্স, উচ্চমূল্যের পণ্য এবং সময়সংবেদনশীল কার্গো পরিবহনে এই নতুন রুট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।