শাহজালালে বিমানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে গিয়ে যাত্রীদের ব্যাগেজ দ্রুত ও নিরাপদে হস্তান্তর নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে গিয়ে যাত্রীদের ব্যাগেজ দ্রুত ও নিরাপদে হস্তান্তর নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। উড়োজাহাজ অবতরণের পর যাত্রীরা যাতে দীর্ঘ সময় অপেক্ষা না করে দ্রুত তাদের লাগেজ হাতে পান, সে জন্য ব্যাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় আরও গতি আনার ওপর গুরুত্ব দেন তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে যান বিমানমন্ত্রী। পরিদর্শনের সময় তিনি বিমানবন্দরের যাত্রীসেবা, গ্রাউন্ড হ্যান্ডলিং, ব্যাগেজ ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

বেলা ১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জেদ্দা-চট্টগ্রাম-ঢাকা রুটের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে। এ সময় মন্ত্রী ওই ফ্লাইটের ব্যাগেজ হ্যান্ডলিংয়ের পুরো প্রক্রিয়া তদারকি করেন। উড়োজাহাজের কার্গো হোল্ড খোলা থেকে শুরু করে ব্যাগেজ বের করা এবং তা যাত্রীদের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করেন তিনি।

বিমানবন্দরের কর্মকর্তাদের উদ্দেশে বিমানমন্ত্রী বলেন, যাত্রীদের ব্যাগেজ ব্যবস্থাপনায় সময় কমিয়ে আনা অত্যন্ত জরুরি। উড়োজাহাজ অবতরণের পর প্যাসেঞ্জার গেট ও কার্গো হোল্ড খোলার সময়ের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে। পাশাপাশি কোনো ফ্লাইট অবতরণের আগেই গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে নিয়োজিত কর্মীদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার নির্দেশ দেন তিনি।

ব্যাগেজ হ্যান্ডলিংয়ের অগ্রগতি যাত্রীরা যেন সহজেই জানতে পারেন, সে জন্য বিমানবন্দরে লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনেরও নির্দেশ দেন এম রশিদুজ্জামান মিল্লাত। এর মাধ্যমে ব্যাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি যাত্রীদের অপেক্ষার সময় সম্পর্কে তাৎক্ষণিক তথ্য দেওয়া সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

পরিদর্শনের সময় বিমানমন্ত্রী বিমানবন্দরের বিভিন্ন শৌচাগারও ঘুরে দেখেন। তিনি শৌচাগারের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং উন্নত সেবা নিশ্চিত করতে বিমানবন্দরের সব ধরনের সুযোগ-সুবিধা নিয়মিত তদারকির ওপরও গুরুত্ব দেন তিনি।

পরিদর্শনের সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদসহ বেবিচক ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন ও নির্দেশনার লক্ষ্য হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নত করা এবং বিশেষ করে ব্যাগেজ সংগ্রহে যাত্রীদের দীর্ঘ অপেক্ষার সমস্যা কমিয়ে আনা।

Comments (0)
Add Comment