বিলাসবহুল আকাশযাত্রায় তিন এয়ারলাইনসের ভিন্ন অভিজ্ঞতা

বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী উড়োজাহাজ এয়ারবাস এ৩৮০ আবারও বিলাসবহুল আকাশভ্রমণের আকর্ষণের কেন্দ্রে উঠে এসেছে।

বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী উড়োজাহাজ এয়ারবাস এ৩৮০ আবারও বিলাসবহুল আকাশভ্রমণের আকর্ষণের কেন্দ্রে উঠে এসেছে। উড়োজাহাজটির বিশাল কেবিন, প্রশস্ত আসন, ব্যক্তিগত স্যুইট এবং যাত্রীদের জন্য বিশেষ সুবিধাগুলোকে কাজে লাগিয়ে প্রতিযোগিতায় নেমেছে এমিরেটস, সিঙ্গাপুর এয়ারলাইনস ও কান্টাস। তবে তিনটি বিমান সংস্থার সেবার ধরন আলাদা হওয়ায় কোনটি সেরা, তা নির্ভর করছে যাত্রীর পছন্দ ও ভ্রমণের অভিজ্ঞতার ওপর।

বিমান চলাচলবিষয়ক সংবাদমাধ্যম সিম্পল ফ্লাইংয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, এয়ারবাস এ৩৮০ পরিচালনায় তিনটি বিমান সংস্থা নিজস্ব বৈশিষ্ট্য তৈরি করেছে। সিঙ্গাপুর এয়ারলাইনস ব্যক্তিগত পরিসর ও উন্নত সেবাকে গুরুত্ব দিচ্ছে। এমিরেটসের আকর্ষণ বিলাসবহুল সুযোগ-সুবিধা এবং উড়োজাহাজের ওপরের তলায় থাকা বার ও সামাজিক পরিসর। অন্যদিকে কান্টাস যাত্রীদের আরাম, উন্নত আসন এবং তুলনামূলক শান্ত পরিবেশের ওপর জোর দিচ্ছে।

সিঙ্গাপুর এয়ারলাইনসের এ৩৮০ উড়োজাহাজে রয়েছে প্রশস্ত ব্যক্তিগত স্যুইট এবং উন্নত বিজনেস শ্রেণির আসন। সংস্থাটি ব্যক্তিগত গোপনীয়তা ও যাত্রীসেবার মান বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তাদের উড়োজাহাজে ১২টি স্যুইট ও ৭৮টি বিজনেস শ্রেণির আসন রয়েছে। ফলে বিলাসবহুল পরিবেশে ব্যক্তিগতভাবে ভ্রমণ করতে আগ্রহীদের কাছে এটি আকর্ষণীয় বিকল্প।

এমিরেটসের বিশেষত্ব হলো উড়োজাহাজের ওপরের তলায় থাকা বার ও সামাজিক পরিসর। প্রথম শ্রেণির যাত্রীদের জন্য ব্যক্তিগত স্যুইটের পাশাপাশি বিজনেস শ্রেণির যাত্রীরাও এই সুবিধা উপভোগ করতে পারেন। এ ছাড়া কেবিন আধুনিকায়ন এবং উন্নত ইন্টারনেট সংযোগ চালুর উদ্যোগের মাধ্যমে যাত্রী অভিজ্ঞতা আরও উন্নত করার চেষ্টা করছে সংস্থাটি। এ জন্য প্রায় ৫০০ কোটি ডলারের কেবিন আধুনিকায়ন কর্মসূচি বাস্তবায়ন করছে এমিরেটস।

কান্টাসের শক্তি হলো আরামদায়ক আসন, উন্নত প্রথম শ্রেণির সেবা এবং কাজের উপযোগী পরিবেশ। সংস্থাটি তাদের ১০টি এ৩৮০ উড়োজাহাজের বহর পুনরায় সক্রিয় করেছে। সিডনি থেকে লন্ডন, ডালাস ও লস অ্যাঞ্জেলেসের মতো দীর্ঘপাল্লার রুটে এসব উড়োজাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তবে এ৩৮০-এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। চার ইঞ্জিনের এই উড়োজাহাজ আধুনিক দুই ইঞ্জিনের উড়োজাহাজের তুলনায় বেশি জ্বালানি ব্যবহার করে। বিশাল আকারের কারণে যাত্রী ওঠানামা, অভিবাসন কার্যক্রম ও লাগেজ সংগ্রহেও সময় বেশি লাগতে পারে।

সব মিলিয়ে, ব্যক্তিগত বিলাসিতায় সিঙ্গাপুর এয়ারলাইনস, সামাজিক বিনোদনে এমিরেটস এবং আরামদায়ক দীর্ঘপাল্লার ভ্রমণে কান্টাস এগিয়ে। তাই এ৩৮০-তে সেরা অভিজ্ঞতা বেছে নেওয়ার বিষয়টি শেষ পর্যন্ত যাত্রীর ব্যক্তিগত পছন্দের ওপরই নির্ভর করছে।

Comments (0)
Add Comment