২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট চালু করছে বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবগামী ফ্লাইট পরিচালনা ও সময়সূচি সংক্রান্ত হালনাগাদ তথ্য

সৌদি আরবের বিমানবন্দরে হামলাজনিত পরিস্থিতির ক্রমাগত উন্নতির পরিপ্রেক্ষিতে আগামী ২৫ অক্টোবর ২০২৬ তারিখে রিয়াদগামী একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ সময় ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশ্যে ফ্লাইটটি যাত্রা করবে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনাপূর্বক রিয়াদগামী অন্যান্য ফ্লাইটসমূহ পরিচালনার বিষয়ে পরবর্তীতে  সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দাম্মামগামী ফ্লাইট ২১ অক্টোবর ২০২৬ তারিখ থেকে পুনরায় চালু হয়েছে। আগামী ২৬ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে। বোয়িং ৭৭৭ উড়োজাহাজের মাধ্যমে এসব ফ্লাইট পরিচালিত হবে।

জেদ্দাগামী ফ্লাইটের ক্ষেত্রে আগামী ২২ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে দুটি ফ্লাইট পরিচালিত হবে। এ ছাড়া, ২৩, ২৪ ও ২৫ অক্টোবর ২০২৬ তারিখে প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।

অন্যদিকে, মদিনাগামী ফ্লাইট ১৮ অক্টোবর ২০২৬ তারিখ থেকে যথারীতি পরিচালিত হচ্ছে। বোয়িং ৭৮৭ উড়োজাহাজের মাধ্যমে এ রুটে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ না করা পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

উল্লিখিত রুটসমূহে ফ্লাইট পরিচালনা ও সময়সূচি সংক্রান্ত পরবর্তী হালনাগাদ তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে যথাসময়ে জানানো হবে। টিকিট ক্রয়, বুকিং এবং ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য সম্মানিত যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয় কেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

 

Comments (0)
Add Comment