যুক্তরাষ্ট্রে বিমান ছিনতাইয়ের হুমকি দিয়ে বার্তা পাঠানোর অভিযোগে ২৫ বছর বয়সী এক যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার পাঠানো বার্তায় বিমান ছিনতাই এবং নির্দিষ্ট আসনের সারিতে আঘাত করার হুমকির কথা উঠে আসে। এ ঘটনায় মাঝআকাশ থেকে ফিরে যেতে বাধ্য হয় ইউনাইটেড এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান। পরে বিমানটি নিরাপদে অবতরণ করে এবং অভিযুক্তকে আটক করা হয়।
অভিযুক্তের নাম দান্তে মিলনে। আদালতে জমা দেওয়া অভিযোগপত্র অনুযায়ী, নিজের মুঠোফোনে তিনি বিমানটি ছিনতাই করার এবং নির্দিষ্ট একটি আসনের সারিতে আঘাত করার হুমকি দিয়ে বার্তা লিখেছিলেন। তবে বার্তাটি কীভাবে পাঠানো হয়েছিল কিংবা কাকে উদ্দেশ করে লেখা হয়েছিল, সে বিষয়ে অভিযোগপত্রে বিস্তারিত উল্লেখ নেই।
ঘটনাটি ঘটে গত শনিবার (২৪ অক্টোবর) রাতে। লাস ভেগাসের হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ জার্সির নেওয়ার্কগামী ইউনাইটেড এয়ারলাইনসের ১৬৮১ নম্বর ফ্লাইটটি উড্ডয়ন করে। বোয়িং ৭৩৭ মডেলের বিমানটিতে ১৫০ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন।
উড্ডয়নের কিছুক্ষণ পর এক বিমানবালা অভিযুক্ত যাত্রীকে বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার কথা লিখতে দেখেন। বিষয়টি বুঝতে পেরে তিনি সরাসরি ওই যাত্রীর মুখোমুখি না হয়ে দ্রুত পাইলটকে জানান। এরপর পাইলট ককপিটের নিরাপত্তাব্যবস্থা জোরদার করেন এবং বিমানটিকে লাস ভেগাসে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।
বিমান চলাচল নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে পাইলটের কথোপকথনের রেকর্ডিংয়েও ঘটনার বিবরণ পাওয়া গেছে। নিয়ন্ত্রণকক্ষ থেকে সন্দেহভাজন যাত্রীকে আটক করা হয়েছে কি না জানতে চাওয়া হলে পাইলট জানান, তাকে বেঁধে রাখা হয়নি। কারণ, বিমানবালা ও অন্য ক্রুরা যে তার বার্তা দেখেছেন, তা ওই যাত্রী জানতেন না।
বিমানের গতিপথের তথ্য অনুযায়ী, উড্ডয়নের এক ঘণ্টারও কম সময়ের মধ্যে স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটের দিকে বিমানটি নিরাপদে হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে অপেক্ষায় থাকা লাস ভেগাস মহানগর পুলিশের সদস্যরা কোনো বাধা ছাড়াই মিলনেকে আটক করেন।
পরে সব যাত্রীকে বিমান থেকে নামানো হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো বিমানটিতে তল্লাশি চালায়। এ ঘটনায় কেউ আহত হননি। তবে বিমানটির গতিপথ পরিবর্তনের কারণে পাইলট ও ক্রুদের নির্ধারিত কর্মঘণ্টা শেষ হয়ে যায়। ফলে বাকি ১৪৯ যাত্রীকে লাস ভেগাসে রাত কাটাতে হয়। পরদিন সকালে তাদের নেওয়ার্কে যাওয়ার কথা ছিল।
অভিযুক্তকে পরে ১০ হাজার ডলারের মুচলেকায় মুক্তি দেওয়া হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) আদালতে তার হাজির হওয়ার কথা রয়েছে। নেভাডার আইন অনুযায়ী, সন্ত্রাসী কর্মকাণ্ডের হুমকি বা এ-সংক্রান্ত মিথ্যা তথ্য ছড়ানোর অপরাধে দোষী সাব্যস্ত হলে এক থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল বিমান চলাচল প্রশাসন জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালে বাণিজ্যিক বিমানে যাত্রীদের অসদাচরণের এক হাজার ৪০০টির বেশি ঘটনা নথিভুক্ত হয়েছে।