কুমার বিশ্বজিতপূজা উপলক্ষে নতুন একটি রবীন্দ্রসংগীত গাইলেন…
আমার শুরু কিন্তু রবীন্দ্রসংগীত দিয়েই। তবে এবার বেশ কিছুদিন পরে গাইলাম। ‘ওগো বিদেশিনী’ গানটি আমার খুব পছন্দের। এই গানটি নতুন করে গাইতে পেরে ভালো লাগছে।
মিউজিক ভিডিওর শুটিং অস্ট্রেলিয়ায় কেন?
কারণ, লোকেশন। অস্ট্রেলিয়ায় বেশ কিছু সুন্দর লোকেশনে শুটিং করেছি আমরা। আর মিউজিক ভিডিওর পরিচালক আশিকুর রহমানও অস্ট্রেলিয়ায় আছেন। এসব কারণেই সেখানে করা।
গানে কোনো মডেল ব্যবহার করেননি?
না। একবার ভেবেছিলাম একজন বিদেশি মডেল নেব। কিন্তু পরে সেই ভাবনা বাতিল করেছি। আমার সঙ্গে গিটারিস্ট ইফতি ছিল। অনেকটা ভারতের সংগীতশিল্পী পাপন আর শান্তনুর স্টাইলে গেয়েছি। এই স্টাইলটা আমার ভালো লাগে।
এখন যে গানগুলো হচ্ছে, সেসব নিয়ে আপনার মন্তব্য কী?
এগুলোকে আমি বলি মেশিননির্ভর গান। সহজ ভাষায় মেশিন গান। এই গান নিয়ে বিশেষ কিছু বলতে চাই না। আরও একটা দিক হলো, এখন গানের শ্রোতাপ্রিয়তা নয়, হিসাব করা হয় ‘ভিউ’; যে ভিউটা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে। এটা গানের জন্য মোটেও ভালো ব্যাপার নয়। তবে এটা সবার ক্ষেত্রে নয়, কিছু তো ব্যতিক্রম রয়েছেই।
কিন্তু ‘মেশিন গান’ জিনিসটা আসলে কী?
কয়েক দিন আগে প্রথম আলোতে একটি সাক্ষাৎকারে জেমস বলেছিলেন, সব প্লাস্টিক মিউজিক হয়ে যাচ্ছে। তিনি প্লাস্টিক মিউজিক বলতে যা বুঝিয়েছেন, সেটাই আমার কাছে মেশিন গান মনে হয়।
এবারের পূজা উদ্যাপনের পরিকল্পনা কী?
পরিবারের সবাই মিলে আজ (গত রোববার) রাতে কলকাতা যাচ্ছি। সেখান থেকে দিল্লি যাওয়ার একটা পরিকল্পনা আছে। সপ্তাহ খানেক সেখানে থাকব। তারপরই দেশে ফিরব।
আর নতুন গান?
বেশ কিছু গানের পরিকল্পনা আছে। নিজের গান, কিছু প্রতিষ্ঠানের অর্ডার করা গান আছে। সেগুলো শেষ করব।