ভিডিওর প্রয়োজন আছে, তবে গানের থেকে জরুরি নয়

সোমবার বাপ্পা মজুমদারের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানা গেল, তাঁর নতুন একক গানের অ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে। এরপরই যোগাযোগের চেষ্টা করে সেই রাতেই কথা হয় তাঁর সঙ্গে। নতুন অ্যালবাম প্রসঙ্গে বললেন নানা কথা—

বাপ্পা মজুমদারআপনার নতুন একক অ্যালবামটি শ্রোতারা কবে পাবেন?
নভেম্বরের প্রথম সপ্তাহে আমার একক অ্যালবাম প্রকাশ পাচ্ছে। এটি আমার প্রথম আন্তর্জাতিক অ্যালবাম। এর আগে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমার আরও ১১টি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। বাপ্পা মজুমদার নামের নতুন এই অ্যালবামে চারটি গান থাকছে। গানগুলোর কাজ এরই মধ্যে শেষ করেছি।
নতুন অ্যালবামের গানগুলো কেমন?
একটি লোকগান ও তিনটি মৌলিক গান। মৌলিক গানের কথাগুলো লিখেছেন শাহান কবন্ধ। ‘যে ব্যথা আমার বুকে’ নামের যে লোকগানটি করছি, সেটি খুব সম্ভবত বিজয় সরকারের লেখা। সনি ডিএডিসির ব্যানারে প্রকাশিত এ অ্যালবামের গানগুলো তাদের আন্তর্জাতিক সব প্ল্যাটফর্মে থাকবে।
আন্তর্জাতিক পরিমণ্ডলে আনুষ্ঠানিকভাবে অ্যালবাম প্রকাশ হওয়ার আনন্দ কেমন?
গান করছি বহুদিন, কিন্তু কোনো দিন প্রাতিষ্ঠানিকভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করা হয়নি। এটা আমার জন্য একটা বিরাট সম্মানের ব্যাপার। একে বাংলাদেশের সংগীতের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণও বলতে পারি। তরুণদের জন্যও একটা দরজা খুলে গেল বলে আমি মনে করছি।
অ্যালবামের গানগুলো তৈরির সময় কোন বিষয়গুলো মাথায় কাজ করেছে?
আমার যে ধরনটা আছে, তা মাথায় রেখেই আমি কাজ করেছি। প্রতিটি গান আমার সন্তুষ্টি নিয়েই করেছি। আমি মনে করি, শ্রোতাদের কথা মাথায় রেখে নয়, আমি আমার কাজে যদি আগে নিজে সন্তুষ্ট না হই, তাহলে শ্রোতারাও হতে পারবেন না। আমি চেষ্টা করেছি, বিষয়টা যেন মানসম্মত হয়।
নতুন গানগুলোর ভিডিও তৈরি করবেন?
লোকগানটার স্টুডিও ভার্সন করা হবে। আর ‘নিঃসঙ্গতা’ গানের ‘বিহাইন্ড দ্য সিন’ (গান তৈরির পেছনের গল্প) নিয়ে একটা ভিডিও তৈরি করা হবে। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে, এখন আর ভিডিও না করলে কেউ গান শুনছে না। আমার কথা হচ্ছে, অবশ্যই ভিডিওর প্রয়োজন আছে, তবে সেটা গানের থেকে জরুরি নয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সবাই ভিডিওর দিকে বেশি মনোযোগ দিচ্ছে।

Comments (0)
Add Comment