দেশের প্রতি তাদের মমত্ববোধ কমে যাচ্ছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রধান (চেয়ারম্যান) অণিমা রায়–এর সপ্তম অ্যালবাম মাতৃভূমি সম্প্রতি বাজারে এল। এরই মধ্যে নতুন অ্যালবামের গান নিয়ে নানা দিক থেকে সাড়া পাচ্ছেন। এই অ্যালবামের ভাবনাগুলো তিনি জানালেন ।
অণিমা রায়‘মাতৃভূমি’ কেন?
পরিকল্পনাটা মাথায় আসে চার-পাঁচ মাস আগে; যখন আমরা জঙ্গিবাদের আতঙ্কে ভীতসন্ত্রস্ত ছিলাম। আমাদের দেশেরই স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরা এমন ভয়ানক কাজে জড়িয়ে পড়ছে! মনে হলো, এই সমস্যার মূলে হচ্ছে শিকড়ের সঙ্গে তাদের সম্পর্ক ছিঁড়ে যাওয়া। দেশের প্রতি তাদের মমত্ববোধ কমে যাচ্ছে। একজন শিক্ষক ও সংগীতশিল্পী হিসেবে এটা আমার দায়িত্ব ও কর্তব্য মনে করে মাতৃভূমি প্রকাশ করেছি। দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নিয়েছি। কারণ, আমি বিশ্বাস করি, ‘শুভ কর্মপথে ধর নির্ভয় গান’।
‘মাতৃভূমি’তে কী ধরনের গান রয়েছে?
রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে যেসব গান রচনা করেছিলেন, সেগুলো এখনকার সময়েও খুব প্রাসঙ্গিক। তাই দেশের প্রতি আবার নতুন করে মমতা জাগাতে দেশাত্মবোধক সেই গানগুলো দিয়ে সাজিয়েছি মাতৃভূমি।
এই গানগুলো দিয়ে কী বার্তা দিতে চেয়েছেন?
মাতৃভূমির গানে প্রকাশিত বার্তা রয়েছে। দেশের গান শুনলে বা গাইলে দরদর করে চোখে পানি চলে আসে। গানের কথাগুলোও তো ভালোবাসার। আমরা মাকে যেমন ভালোবাসি, দেশকেও সেভাবে ভালোবাসা যায়। সেই বার্তাই আছে গানের কথায়।
‘মাতৃভূমি’র সংগীতায়োজনে কী ধরনের নতুনত্ব রয়েছে?
নতুন প্রজন্মের কাছে যেন গ্রহণযোগ্যতা পায়, তাই বেশ কিছু আধুনিক বাদ্যযন্ত্র ব্যবহার করেছি মাতৃভূমির গানে। এ ছাড়া রবীন্দ্রনাথকে বোঝাপড়ারও একটা ব্যাপার থাকে। তাই সংগীতায়োজনে ছিলেন পশ্চিমবঙ্গের প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়। নতুন আঙ্গিকে পরিবেশনার জন্য তিনি খুবই প্রাসঙ্গিক। টানা চার মাস কাজ করে আমরা অ্যালবামটি প্রকাশ করি।
গান নিয়ে পরবর্তী কী ভাবনা রয়েছে?
রবীন্দ্রনাথের প্রকৃতি পর্বের গান নিয়ে ২০১৭ সালে আরেকটি অ্যালবাম প্রকাশ করব। অ্যালবামের নাম ও গান এখনো নির্বাচন করা হয়নি।

Comments (0)
Add Comment