চাকা ফেটে যাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ হযরত শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিমানের বোয়িং ৭৩৭ উড়োজাহাজের সামনের একটি চাকা বিস্ফোরিত হয়ে ফেটে যাওয়ায় এ এঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল ১০টা ৭ মিনিটে উড়োজাহাজটি জরুরি অবতরণ করে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক কাজী ইকবাল করিম।
বিমান সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৪টা ৪৮ মিনিটের দিকে মাস্কাট থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে বিমানের বিজি-১২২ ফ্লাইট। বিমানটিতে ১৪৯ জন যাত্রী ও সাত জন কেবিন ক্রু ছিল। দেশে ফেরার সময় পাইলট লক্ষ্য করেন উড়োজাহাজের একটি চাকা বিস্ফোরিত হয়েছে। এ সময় তিনি বিমানের কন্ট্রোল রুমে যোগাযোগ করেন। এ অবস্থায় জরুরি অবতরণের সকল সুবিধা শাহজালালে থাকায় চট্টগ্রামে না গিয়ে ঢাকার দিকে ফিরে আসে উড়োজাহাজটি। নিরাপদে অবতরণের জন্য জ্বালানি তেল কমাতে উড়োজাহাজটিকে অতিরিক্ত সময় আকাশে ওড়ানো করা হয়। এছাড়া বিমানের প্রকৌশলীরা রান ওয়েতে গিয়ে অবস্থান নেন এবং পাইলট দুবার লো ফ্লাই করেন। পরবর্তীতে নিরাপদে বিমানটি শাহজালালে অবতরণ করে।
এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার শাকিল মেরাজ বলেন, ‘উড়োহাজাজটি নিরাপদে অবতরণ করেছে। বিমানের সকল যাত্রী অক্ষত রয়েছেন।’
এ ঘটনার পর বিমানবন্দরটিতে সব ফ্লাইট ওঠানামা বন্ধ ছিলো। তবে বেলা ১২টা ২০ মিনিট থেকে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয় বলে জানা গিয়েছে।
এর আগে গত ১২ ডিসেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ মিয়ানমারের উদ্দেশে যাত্রা করে ঢাকায় ফিরে আসে। পরবর্তীতে ত্রুটি মেরামত শেষে ফের মিয়ানমারের উদ্দেশে যাত্রা করে বিমানটি। এছাড়া, গত ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে। উড়োজাহাজটি হাঙ্গেরির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিল।
https://youtu.be/9MIhd4hVOeE