অভিনন্দন আপনাকে। এবিসি রেডিওর সেরা ৫০-এর তালিকার প্রথম গানটি আপনার। কেমন লাগছে?
নিঃসন্দেহে এটা আমার জন্য আনন্দের সংবাদ। গতবারও এই রেডিওতে বছর শেষে যে তালিকা ছিল, তাতে আমার গাওয়া ‘আহারে’ গানটির অবস্থান ছিল ২ নম্বরে। এবার আপনার কাছে যখন শুনলাম ‘ঝুম’ গানটি ১ নম্বরে আছে, তখন ভালো লাগার ব্যাপারটা অনেক বেশি কাজ করছে। এটা ধারাবাহিক উন্নতিও বলতে পারেন। আমি সাধারণত সুর করার পর গান লিখি। সুর করার পর এই গানটি লিখতে গিয়ে অনেক সময় লেগে যায়। আমার লেখা অন্য গানগুলোতে সাধারণত এতটা সময় কখনোই লাগে না। ‘ঝুম’ গানের ক্ষেত্রে ঘষামাজা করতে হয়েছে সবচেয়ে বেশি। আমি নিজেও চেয়েছি গানটি যেন অন্যগুলোর চেয়ে একটু ভিন্ন হয়।
নতুন বছরে গান নিয়ে নতুন পরিকল্পনা কী?
‘আমি দেখেছি তোমাকে’ শিরোনামের একটি গান তৈরি আছে। নভেম্বরের শেষ দিকে সোনারগাঁয়ের পানামনগর ও নরসিংদীতে গানটির ভিডিওচিত্রের শুটিং করেছি। বরাবরের মতোই এই গানের কথা ও সুর আমার। সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। শ্রোতাদের জন্য নতুন বছরের উপহার হিসেবে এই গানটি প্রকাশিত হতে পারে। লাইভ টেকনোলজিসের ব্যানারে নির্মিত এই গানের ভিডিও বানিয়েছেন অনন্য মামুন। এদিকে নতুন বছরে কনটেন্টের দিকে নজর দেব বেশি। কথা ও সুরে কীভাবে আরও বৈচিত্র্য আনা যায়, সেদিকে নজর দেব। উপমহাদেশীয় ও ইউরোপীয় সংগীতের সঙ্গে যেন পাল্লা দিতে পারি, সেভাবে চিন্তা করতে হবে। আমাদের দেশে এখন অনেক ভালো গান হচ্ছে। শুধু দরকার ঠিকমতো পৃষ্ঠপোষকতা।