কেমন আছেন?
নিপুণ: এই তো ভালো।
আচ্ছা, আপনার বর্তমান ব্যস্ততা কী নিয়ে?
নিপুণ: আমার ব্যবসা নিয়ে আমি এখন ব্যস্ত সময় কাটাচ্ছি।
আর তাহলে অভিনয়?
নিপুণ: আমি এখন মাঝে মধ্যে স্টেজ শো করছি। সম্প্রতি একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছি। আর কয়েকটা ভালো চিত্রনাট্য পেয়েছি। সেগুলো পড়ছি।
আপনি একজন পেশাদার অভিনয়শিল্পী এর পাশাপাশি আবার ব্যবসায়ীও এ দুটি পেশার মধ্যে পার্থক্য কী দেখেন?
নিপুণ: কোন ভিন্নতা নেই। অনেক পরিশ্রম করতে হয়। আগে অভিনয়ের জন্য শুধু সাজাতে হতো। এখন সে বিষয়টিকে ব্যবসা হিসেবে নিয়েছি। এখন আমার এখানেই অনেক কর্মী কাজ করেন। মাসের শেষে তাদের নিয়ে হিসেব-নিকেশ করতে হয়। তাই এখন দায়িত্ববোধের জায়গাটা অনেক বেড়ে গিয়েছে।
পেশাদার অভিনয়শিল্পী হিসেবে অভিনয়ের যে ক্ষুধা, সেটি এখনও আপনাকে তাড়িত করে?
নিপুণ: অভিনয়শিল্পী হিসেবে অভিনয়ের ক্ষুধা তো অবশ্যই আছে। কিন্তু ব্যবসাতে এতো বেশি মাথা খাটাতে হয়, সেটা বলে বুঝাতে পারব না। আর আমি যদি অভিনয়শিল্পী না হতাম তাহলে এতোটা আগ্রহ নিয়ে ব্যবসাটা করতে পারতাম না।
এতো ব্যস্ততার ভীড়ে নিজেকে এবং পরিবারকে ঠিক মতো সময় দেওয়া হয়ে উঠে তো?
নিপুণ: যারা অভিনয়শিল্পী তাদেরকে যে পাত্রে রাখা হয় তারা সে রূপই ধারণ করে। অভিনয় না করলে আমি অনেক বিষয়ই বুঝতাম না। অফিসের সময়ের বাইরে বাকিটা সময় আমি বাসায় থাকি। পরিবারের সঙ্গে সময় কাটাই।