আজ রবিবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্ত এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের ইন্সপেক্টর মাহবুবুল আলম প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ জন্য ঢাকা মহানগর হাকিম গোলাম নবী প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ঠিক করেন।
গত বছর ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং-৭৭৭ বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে বিমানটি। অন্য একটি বিমান পাঠিয়ে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বুদাপেস্টে পৌঁছানোর ব্যবস্থা নেয়া হলেও ত্রুটি সারিয়ে ওই বিমানেই হাঙ্গেরি যান প্রধানমন্ত্রী।
এ ঘটনায় ২০ ডিসেম্বর বিমানের পরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট) এমএম আসাদুজ্জামান বিমানবন্দর থানায় এই মামলা দায়ের করেন। ২১ ডিসেম্বর মামলার এজাহার আদালতে এলে আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।