আজও ডিসি-১০ এয়ারক্রাফটের ঋণ পরিশোধ করতে পারেনি বিমান কর্তৃপক্ষ

১৯৮৪ সালে ৩টি ডিসি-১০ এয়ারক্রাফট কেনে বিমান। এ ধরনের উড়োজাহাজের তেল খরচ, জনশক্তি ও রক্ষণাবেক্ষণ খরচ অনেক বেশি। এভাবে দীর্ঘ ৩০ বছর পরিচালনার পর ২০১৩ সালে বিমানবহর থেকে বাদ দেওয়া হয় এসব এয়ারক্রাফট। ইতোমধ্যে পার হয়েছে ৩৩ বছর। কিন্তু কেনার সময় নেওয়া ঋণের টাকা আজও পরিশোধ করতে পারেনি বিমান কর্তৃপক্ষ। এর জের টানতে হচ্ছে বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে।

এদিকে বকেয়া ২২১ কোটি ৬৪ লাখ ৩০ হাজার ৫৬৪ টাকা সরকারের ইকুইটি (সমতা) খাতে স্থানান্তরের কথা বলে সম্প্রতি প্রশাসনিক মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এএম মোসাদ্দিক আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। এতে বলা হয়েছে, মোট বকেয়ার মধ্যে আসল ১৯১ কোটি ২৫ লাখ ৪৩ হাজার ৭৫ টাকা। সুদ রয়েছে ৩০ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ৪৮৮ টাকা। বিমানের বর্তমান আর্থিক তারল্য সংকট বিবেচনা করে বকেয়া টাকা ইকুইটি খাতে স্থানান্তর করতে বলা হয় চিঠিতে। যাতে সরকারের কাছ থেকে নেওয়া এ অর্থ ঋণ হিসেবে দেখানো না হয়।

এ ব্যাপারে বিমানের ব্যবস্থাপনা পরিচালক বলেন, এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে।

বিমান সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকডোনাল্ডস অ্যান্ড ডগলাস নির্মিত ডিসি-১০ মডেলের উড়োজাহাজ বর্তমানে বিশ্বের অন্য কোনো বিমান সংস্থা ব্যবহার করে না। কোম্পানিটি শেষ ডিসি-১০ তৈরি করেছিল ১৯৮৮ সালে। ২০১৩ সালে এসে অত্যধিক জ্বালানি খরচ ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের কারণে এসব উড়োজাহাজ বাদ দেয় বিমান। এগুলো তখন কেনা হয় সরকারের গ্যারান্টিতে। সে সময় ৮টি বিদেশি ব্যাংক এবং সোনালী ব্যাংকের লন্ডন শাখা থেকে বৈদেশিক মুদ্রায় ঋণ নিয়ে এরপর তা পরিশোধ করা হয় সোনালী ব্যাংকের লন্ডন শাখার মাধ্যমে। এর পরিমাণ ছিল ৬৪.৫০ মিলিয়ন ডলার।

সংশ্লিষ্টরা জানান, সরকারি ঋণের টাকা মওকুফের যুক্তি হিসেবে বলা হয়েছেÑ২০২০ সালের মধ্যে উড়োজাহাজের বহর আধুনিকায়নের অংশ হিসেবে ইতোমধ্যে ৬টি নতুন প্রজন্মের বোয়িং উড়োজাহাজ বৈদেশিক ব্যাংক থেকে ঋণ গ্রহণের মাধ্যমে ক্রয় করা হয়েছে। আরও ৪টি ৭৮৭-৮০০ উড়োজাহাজ আগামী ২০১৯ সালের মধ্যে বিমানবহরে যুক্ত হবে। ঋণের কিস্তিসহ দেশি-বিদেশি সরবরাহকারীদের পাওনা নিয়মিত পরিশোধের ফলে ক্রমান্বয়ে আর্থিক তারল্য সংকট দেখা দিয়েছে। এ বিবেচনায় ঋণের টাকা সমতা খাতে স্থানান্তর করতে অনুরোধ করে বিমান কর্তৃপক্ষ।

বিমানের পক্ষ থেকে বলা হয়েছে, ১৯৮৪ সালে ডিসি-১০ এয়ারক্রাফট কেনার সময় নেওয়া ঋণের কিস্তি ১৯৮৭ সালের জুলাই পর্যন্ত পরিশোধ করে বিমান। তবে ১৯৮৭ সালের আগস্ট থেকে আর্থিক সংকটের কারণে তা পরিশোধে ব্যর্থ হয়। ফলে নির্ধারিত সুদসহ বিদেশি ব্যাংকের সম্পূর্ণ ঋণ সরাসরি পরিশোধ করে বাংলাদেশ ব্যাংক। এরপর কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বিমানের সঙ্গে আলোচনা করে একটি রি-পেমেন্ট শিডিউল করা হয়। ওই রি-পেমেন্ট সিডিউলের কিস্তি পরিশোধেও ব্যর্থ হয় বিমান। এরপর কিস্তির সমপরিমাণ টাকা বার্ষিক মুনাফা থেকে আদায় করে সমন্বয় করার কথা।

এদিকে অর্থ মন্ত্রণালয় থেকে বিমানকে এ সংক্রান্ত চিঠিতে জানানো হয়েছে, বিমানের কাছে বাংলাদেশ ব্যাংকের পাওনা (আসল এবং সুদ) ৬১.৯৫১৫ মিলিয়ন ডলার। এর মধ্যে বিমানের ইকুইটি বাবদ ২৮.২৩১ মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংককে পরিশোধ করবে সরকার। বাকি টাকা ৩৩.৭২০৫ মিলিয়ন ডলার বিমানের নিজস্ব তহবিল থেকে বাংলাদেশ ব্যাংককে সিডিউল অনুযায়ী পরিশোধের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ২৮.২৩১২ মিলিয়ন ডলারের সমপরিমাণ ১১৭.৮৬ কোটি টাকা নগদ পরিশোধের কথা। অবশিষ্ট অর্থের প্রথম কিস্তি থেকে তৃতীয় কিস্তির টাকা পরিশোধ করে বিমান। কিন্তু আর্থিক সংকটের কারণে পরবর্তী কিস্তিগুলোর টাকা পরিশোধ করেনি সংস্থাটি। এরপর চতুর্থ থেকে ১৫তম কিস্তির টাকা সরকারকে প্রদেয় বার্ষিক মুনাফার সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ ব্যাংক। বিষয়টি প্রতি অর্থবছরেই বিমানের বার্ষিক আর্থিক প্রতিবেদনে সরকারি ঋণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এ খাতে তা পড়ে থাকায় বিষয়টিতে ২০১৫-১৬ অর্থবছরের নিরীক্ষক আপত্তি উত্থাপন করেন এবং সরকারের ইকুইটি খাতে স্থানান্তরের পরামর্শ দেন।

বিমান সূত্র আরও জানায়, ২০০৮-২০০৯ অর্থবছর থেকে নগদ অর্থের প্রবাহ সংকটে পড়েছে বিমান। এর প্রধান কারণ জ্বালানি তেলের উচ্চমূল্য এবং নতুন প্রজন্মের এয়ারক্রাফট কেনার জন্য গৃহীত ঋণের কিস্তি পরিশোধ। এ পর্যন্ত ৪টি বোয়িং ৭৭৭-৩০০ ইআর এবং ২টি বোয়িং ৭৩৭ এয়ারক্রাফট কেনা বাবদ দেশি ও বিদেশি ব্যাংক থেকে ৮২৯৬.০৩ কোটি টাকা ঋণ নেওয়া হয়। নতুন উদ্যমে যাত্রা শুরু করলেও চলতি মূলধনের অভাবে বিমানের পরিচালন কার্যক্রমে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। তা ছাড়া কোম্পানিতে রূপান্তরিত হওয়ার পর প্রথম দুই বছর পর লাভ করে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থাটি। পরবর্তীতে ২০১৩-১৪ অর্থবছর থেকে চলে লোকসান। এরপর গত দুই বছর ধরে আবার লাভজনক অবস্থানে এলেও পুঞ্জিভূত লোকসান এখনো ৮০৮ কোটি ৫৩ লাখ টাকা।

সূত্রঃ আমাদের সময়

Comments (0)
Add Comment