ঢাকা-মুম্বাই রুটে ফ্লাইট পরিচালনা করবে স্বল্প ভাড়ায়চালিত স্পাইসজেট।
ঢাকা-কলকাতা রুটের পর এবার ঢাকা-মুম্বাই রুটে ফ্লাইট চালু করার ঘোষণা দিল ভারতভিত্তিক স্বল্প ভাড়ায় যাতায়াতে পরিচিত এয়ারলাইনস স্পাইসজেট।
সোমবার (১৫ এপ্রিল) এয়ারলাইনসটির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।
ঢাকা-মুম্বাই রুট ছাড়াও আরও সাতটি আন্তর্জাতিক রুটে বিরতিহীন ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে এয়ারলাইনসটি।
এক বিবৃতিতে স্পাইসজেট এয়ারলাইনস জানিয়েছে, দৈনিক মুম্বাই-কলম্বো, মুম্বাই-ঢাকা, মুম্বাই-রিয়াদ, মুম্বাই-হংকং, মুম্বাই-জেদ্দা ও মুম্বাই-কাঠমান্ডু রুটে সরাসরি ফ্লাইট চালু করবে।
এই আটটি রুটে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের তৈরি ৭৩৭-এনজি মডেলের উড়োজাহাজ দিয়ে যাত্রীসেবা দেয়া হবে বলে জানায় এয়ারলাইনসটি।
এর আগে দিল্লি-ঢাকা ও কলকাতা-ঢাকা রুটের ফ্লাইটে যাত্রীসেবা দিত জেট এয়ারওয়েজ। প্রতি সপ্তাহে ঢাকা-দিল্লি রুটে ১১টি ফ্লাইট চলত এয়ারলাইনসটির।
সম্প্রতি যাত্রী সংখ্যা বাড়লেও আর্থিক সংকট দেখিয়ে এসব রুটের ফ্লাইট বন্ধ করে দেয় জেট এয়ারওয়েজ। আর এ সুযোগ কাজে লাগাতে ঢাকা-মুম্বাই রুটে সরাসরি ফ্লাইট শুরু করছে স্পাইসজেট।
স্পাইসজেট এয়ারলাইনসের কার্যক্রমের পরিধি বাড়াতে এসব রুট সংযোজন করা হচ্ছে বলে তাদের বিবৃতিতে জানানো হয়েছে।
ইতিমধ্যে এই কার্যক্রম অনুযায়ী মুম্বাই থেকে দুবাইয়ে বিরতিহীন ফ্লাইট চালু করেছে তারা। সম্প্রতি ব্যাংককেও বিরতিহীন ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে স্পাইসজেট।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-দিল্লি রুটের ফ্লাইট আবার চালু হচ্ছে বলে জানা গেছে।
বাংলাদেশ বিমান সূত্রে জানা গেছে, আগামী ১৬ মে থেকে সপ্তাহে তিনটি ফ্লাইটের মাধ্যমে ঢাকা থেকে দিল্লিতে যাত্রীসেবা দেবে রাষ্ট্রীয় পতাকাবাহী এ সংস্থাটি।